এনআরবি কমার্শিয়াল ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবশেষ অনুমোদন পাওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির করপোরেট সুশাসন নিশ্চিত ও ঋণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো চিঠিতে ব্যাংকটিকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ব্যাংক-কোম্পানি আইনের ৪৯ ধারা অনুসারে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, পর্যবেক্ষকেরা ব্যাংকের পরিচালনা পর্ষদ, ক্রেডিট ও অডিট কমিটিসহ গুরুত্বপূর্ণ সব বৈঠকে উপস্থিত থাকবেন। এ ছাড়া যেকোনো বৈঠক অনুষ্ঠিত হওয়ার তিন কর্মদিবস আগে সংশ্লিষ্ট নথিপত্র পর্যবেক্ষকের কাছে পাঠাতে হবে। ব্যাংকের আর্থিক সূচক উন্নত না হওয়া পর্যন্ত পর্যবেক্ষক সার্বক্ষণিক তদারকির দায়িত্বে থাকবেন। পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক মাসুদ বিশ্বাসকে নিয়োগ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, আরেকটি বেসরকারি ব্যাংকের একজন চেয়ারম্যানের অবৈধ হস্তক্ষেপ, ব্যাংকটিতে বেনামে পরিচালক নিয়োগ দিয়ে বোনাস সুবিধা গ্রহণ ও ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অংশগ্রহণ করার ফলে ব্যাংকটির পরিচালকদের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির অবনতি ঠেকাতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পর্যবেক্ষক দেওয়ার ফলে সবশেষ অনুমোদন পাওয়া দুটি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক বসায় কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে গত রাতে এনআরবি কর্মাশিয়াল ব্যাংকের চেয়ারম্যান ফরাসত আলী ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।