এনজিওর সন্দেহজনক লেনদেনের তথ্য জানাতে হবে
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং অলাভজনক প্রতিষ্ঠানকে (এনপিও) মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রিপোর্ট প্রদানকারী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতে করে এসব প্রতিষ্ঠানে কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে তা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। প্রতিষ্ঠানের সব সদস্য বা গ্রাহক, তাঁদের সঙ্গে লেনদেনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে।
এনজিও এবং এনপিও প্রতিষ্ঠানগুলোর কাজের প্রকৃতি পর্যালোচনায় এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন ঝুঁকি থাকার আশঙ্কা করা হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নের প্রতিরোধক নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে গতকাল বৃহস্পতিবার এ নীতিমালা এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় এই নীতিমালা জারি করা হয়েছে।
এর আগেই আইন দুটিতেই এসব প্রতিষ্ঠানকে রিপোর্ট প্রদানকারী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তারপর রিপোর্ট প্রদানের প্রক্রিয়া নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে নীতিমালাটি চূড়ান্ত করা হয়েছে।
রিপোর্ট প্রদানকারী সংস্থাগুলোকে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের বিএফআইইউ তথ্য চাইলেই তা সরবরাহ করতে হবে। কোনো প্রতিষ্ঠান যথাসময়ে এসব তথ্য সরবরাহ করতে ব্যর্থ হলে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বিএফআইইউ।
শুধু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রিপোর্ট প্রদানকারী সংস্থা হিসেবে বিবেচনা করে দেশে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম শুরু হয়েছিল। তবে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স বা এফএটিএফের শর্তের কারণে এনজিও, এনপিও, রিয়েল এস্টেট, স্বর্ণ ব্যবসাসহ অর্থ লেনদেনকারী সব প্রতিষ্ঠানকে এখন রিপোর্ট প্রদানকারী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২৩ নভেম্বর এফএটিএফের এশিয়া অঞ্চলের একটি প্রতিনিধিদল ঢাকা আসছে। তারা তাদের দেওয়া শর্তের অগ্রগতি পর্যালোচনা করবে। প্রতিনিধিদল ঢাকাতে বাংলাদেশ ব্যাংকসহ সব নিয়ন্ত্রক সংস্থা এবং মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক করবে। তারা সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ রিপোর্ট প্রদানকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবে।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ উপার্জন অথবা আয়ের উৎস গোপন করতে এনজিও বা এনপিও প্রতিষ্ঠানে অর্থায়ন করলে তা মানি লন্ডারিং হিসেবে বিবেচিত হবে। তাই স্থানীয় উৎস, বৈদেশিক সাহায্য, অনুদান বা ঋণ নিয়ে পরিচালিত সব এনজিও এবং এনপিওর সব ধরনের লেনদেনের তথ্য সংরক্ষণ করতে হবে। এ ছাড়া এ ধরনের প্রতিষ্ঠানের সব সদস্য বা গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত ‘নো ইউর কাস্টমার’ বা কেওয়াইসি রাখতে হবে। প্রতিষ্ঠানকে ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন বা অন্য কোনো ধরনের অবৈধ লেনদেন করলে অথবা কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে তা জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংককে।
এনজিও বলতে সোসাইটি রেজিস্ট্রেশন আইন-১৯৮০, সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সিস অধ্যাদেশ-১৯৬১, ফরেন ডোনেশন রেগুলেশন অধ্যাদেশ-১৯৭৮, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অধ্যাদেশ-১৯৮২ এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন-২০০৬-এর আওতায় অনুমোদিত বা নিবন্ধিত প্রতিষ্ঠান যারা স্থানীয় বা বিদেশি উৎস থেকে অর্থ সংগ্রহ করে তাদের বোঝানো হয়েছে। এনপিও বলতে কোম্পানি আইন-১৯৯৪-এর অধীন সনদ নেওয়া প্রতিষ্ঠানগুলোকে বোঝানো হয়েছে।