এনবিআর উৎসে কর আদায়ে সহায়তা চায়
উৎসে কর আদায়ে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাদের সহায়তা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাদের সমন্বয়ে একটি ফোরাম গঠন করা যেতে পারে। তাদের কাছ থেকে মাঠপর্যায়ের রাজস্ব কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। এ ছাড়া সরকারি বিল বা বেতন-ভাতা পরিশোধের সময় উৎসে কর কেটে রাখার বিষয়ে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার তাগিদ দেন তিনি।
গতকাল বুধবার এনবিআরের সঙ্গে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ‘কর্মকর্তাদের উৎসে আয়কর সংগ্রহ: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এনবিআরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে কর অঞ্চল-২ এবং কর অঞ্চল-৪ কার্যালয়।
এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আবদুর রাজ্জাকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন হিসাব মহানিয়ন্ত্রক আবুল কাশেম। সভায় প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে আবুল কাশেম বলেন, রাজস্ব আদায়ের হিসাবে এনবিআর ও হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের একটি পার্থক্য থাকে। এ পার্থক্য দূর করতে এ দুটি প্রতিষ্ঠানের মধ্যে আরও নিবিড় যোগাযোগ বাড়াতে হবে।
আবদুর রাজ্জাক বলেন, বর্তমান বেতনকাঠামো অনুযায়ী ৩ লাখ সরকারি কর্মকর্তার আয় করযোগ্য। কিন্তু মাত্র ৬৫ হাজার কর্মকর্তা আয়কর বিবরণী জমা দেন। করযোগ্য সরকারি কর্মকর্তাদের বেতন থেকে বাধ্যতামূলক উৎসে কর আরোপ হলেও তা কাটা হয় না বলে জানান তিনি। তাঁর এ কথার সত্যতা স্বীকার করেন উপস্থিত অনেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা।
উল্লেখ্য, সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা, সরকারি কেনাকাটায় বিল পরিশোধের ক্ষেত্রে উৎসে কর কেটে রাখার দায়িত্ব হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের।
সেমিনারে কর অঞ্চল-২-এর কমিশনার কানন কুমার রায় এবং কর অঞ্চল-৪-এর কমিশনার আলমগীর হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।