এনবিআর চেয়ারম্যানকে আর রাখতে চাইছেন না অর্থমন্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদকে আর রাখতে চাইছেন না অর্থমন্ত্রী। তাঁকে বদলির বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের একটি চিঠিতে এ রকম আভাসই মিলেছে।চিঠিতে সাম্প্রতিক এনবিআরের নিজস্ব কিছু বদলি ও পদোন্নতি নিয়ে এনবিআরের চেয়ারম্যানের ওপর অর্থমন্ত্রীর ক্ষোভ প্রকাশ পেয়েছে। ৫ আগস্ট রোববার অর্থমন্ত্রী স্বাক্ষরিত এই চিঠি গত সোমবার এনবিআরের চেয়ারম্যানের কাছে পৌঁছেছে বলে জানা গেছে। এনবিআরের চেয়ারম্যানের পাশাপাশি চিঠির অনুলিপি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হোসেন তৌহিদ ইমাম (এইচ টি ইমাম), জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার এবং এনবিআরের সদস্য (মূসক নীতি) মো. ফরিদ উদ্দিনকে। চিঠিতে অর্থমন্ত্রী বলেছেন, ‘রাজস্ব বোর্ডের চেয়ারম্যান অতিসত্বর রাজস্ব বোর্ডের চেয়ারম্যান থেকে অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন। তিনি যত দিন এ পদে আছেন, তত দিন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কমিশনার লেভেলে কয়েকটি পদায়ন করেছেন। এ ব্যাপারে আমি চেয়ারম্যানকে আগেই বলেছিলাম যাতে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। তাঁকে কেবলমাত্র বোর্ডের (পর্ষদ) সদস্য পরিবর্তনের জন্য আমি অনুমোদন দিয়েছি।’গত সপ্তাহে এনবিআরে কয়েকজন সদস্য নিয়োগ ও কমিশনারদের বদলি হয়েছে। তিনজন কমিশনারকে পদোন্নতি দিয়ে সদস্য করা হয়েছে। চারজন কমিশনারকে করা হয়েছে বদলি। এ নিয়েই এনবিআর চেয়ারম্যানের ওপর অর্থমন্ত্রী নাখোশ হয়েছেন বলে জানা গেছে। পর্ষদে আগে থেকে যে রকম কর্মবিন্যাস আছে, তাতে কোনো রকম পরিবর্তন করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করেন মুহিত। তিনি আরও বলেন, ‘রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে ব্যক্তিগতভাবে আমি এ পদায়ন বাতিল করতে বলেছি।’ তা ছাড়া পদ্মা সেতুর জন্য সারচার্জ আরোপ করার চিন্তা নিয়েও এনবিআর চেয়ারম্যানের ওপর অর্থমন্ত্রী খুশি ছিলেন না বলে জানা গেছে। আগের দিন সারচার্জ আরোপের কথা এনবিআর থেকে জানানো হলেও পরের দিনই অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়ে দেন, ‘এ বছর কোনো সারচার্জ আরোপ করা হবে না।’ এনবিআরের শীর্ষ কর্মকর্তারা জানান, কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া বা বদলি করা এনবিআর চেয়ারম্যানের নিয়মিত কাজ। গত বৃহস্পতিবার কাস্টমস এবং ট্যাক্সেশন—উভয় ক্যাডারেই বদলি হয়েছে। এতে কোনো ধরনের আইনের লঙ্ঘন হয়নি। এক পদে তিন বছর হলেই বা কারও পদোন্নতি হলে শূন্য পদে অন্য কাউকে বসানো যায়।এদিকে গতকাল এনবিআর চেয়ারম্যান ও অর্থমন্ত্রীর চিঠির বিষয়টি সারা দিনই কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনার বিষয়বস্তু ছিল। তবে এনবিআর চেয়ারম্যান দুপুর পর্যন্ত তাঁর নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) এক আলোচনা সভায় অংশ নেন। পরে তিনি তাঁর সেগুনবাগিচার নিজ কার্যালয়ে আসেন। এ সময় এনবিআরের বেশ কয়েকজন সদস্য তাঁর সঙ্গে দেখা করেন। তবে এনবিআরের পর্ষদ সভা গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। আজ বুধবার এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা। এনবিআর কার্যালয়ে গিয়ে দেখা গেছে, নতুন সদস্যদের বসার জন্য কক্ষ মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। আর এনবিআরের সদস্য জাহান আরা সিদ্দিকের কক্ষে নতুন সদস্য ফিরোজ শাহ আলমের নামফলক ঝুলছে।জানা গেছে, পর্যাপ্ত কক্ষ না থাকায় সচিব মর্যাদার এনবিআর সদস্য জাহান আরা সিদ্দিকের কক্ষেই বসছেন ফিরোজ শাহ আলম। আর জাহান আরা সিদ্দিক বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি এনবিআরের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য, চেয়ারম্যানের অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। জাহান আরা সিদ্দিকের জন্য এখনো কোনো কক্ষ বরাদ্দ দেওয়া হয়নি। উল্লেখ্য, এনবিআর চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদের মেয়াদ আগামী অক্টোবরে শেষ হবে।