এনবিআর চেয়ারম্যানের নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের নামে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। এতে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে। যারা এই ফেসবুক আইডি খুলেছে, তারা যাতে এটি ব্যবহার করে কোনো রকম আর্থিক লেনদেন ও তথ্য আদান–প্রদান করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ মঙ্গলবার দুপুরে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এনবিআরের পক্ষ থেকে করা জিডি অনুযায়ী অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা এনবিআরের চেয়ারম্যানের কিছু ছবি ব্যবহার করে A. H. Rahmatul Moneem নামে ফেসবুক আইডি খোলে। বিষয়টি দৃষ্টিগোচর হলে আজ জিডি করা হয়। জিডি নম্বর-২৩৭। জিডিতে এই ভুয়া ফেসবুক আইডিতে কোনো তথ্য আদান-প্রদান বা আর্থিক লেনদেন না করার অনুরোধ করা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম প্রথম আলোকে জিডির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মুমেন বলেন, একটি চক্র প্রতারণার উদ্দেশ্যে ভুয়া ফেসবুক আইডিটি খুলেছে। এই ফেসবুক আইডি ব্যবহার করে যেন কোনো তথ্য লেনদেন করতে না পারে কিংবা ব্যবসায়ীসহ করদাতাদের কাছে বিভ্রান্তিকর তথ্য দিতে না পারে, সে জন্য জিডি করা হয়েছে।
আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই আইডিতে ঢোকার চেষ্টা করা হলেও পেজটি পুরোপুরি খোলেনি। তাই পেজটিতে কী কনটেন্ট আছে বা কে কী লিখেছে, তা জানা যায়নি।