এনবিআরকেই প্রথম 'ধাক্কা' দিলেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে করদাতাদের নয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদেরই প্রথম ‘ধাক্কা’ দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী গতকাল সোমবার এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন। এতে তিনি আগামী ২০১৫-১৬ অর্থবছরের রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্য কীভাবে আদায় করা হবে, সে বিষয়ে কর কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নেন, নিজেও পরামর্শ দেন।
আর এ সভাকেই অর্থমন্ত্রী ‘ধাক্কা’ হিসেবে অভিহিত করেছেন। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্য কীভাবে অর্জিত হবে, সে জন্যই এ সভা। আমার নিজের অফিসকেই (কার্যালয়) প্রথম ধাক্কা দিচ্ছি। দিস ইজ দ্য ধাক্কা।’
বাজেট ঘোষণার পরদিন গত শুক্রবার সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে ধাক্কা দেওয়ার কথা বলেছিলেন।
রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলনকক্ষে গতকালের সভা অনুষ্ঠিত হয়। এতে এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিঃসন্দেহে উচ্চাভিলাষী। কিন্তু এনবিআর এ লক্ষ্য অর্জনে সক্ষম। ইতিমধ্যে নতুন লোকবল নেওয়া হয়েছে। তবে একবারে সব জনবল নেওয়া সম্ভব নয়। আশা করি, ২০১৮ সালের মধ্যে সব জনবল নেওয়া হবে।
অর্থমন্ত্রী জানান, ব্যক্তিশ্রেণির করদাতাদের ন্যূনতম করের পরিমাণ পরিবর্তন করা হবে। ঢাকা ও চট্টগ্রামের জন্য ন্যূনতম কর সমান থাকবে, অন্য এলাকার জন্য কমবে। আর ২০১৮ সালের মধ্যে দেশের সব উপজেলায় কর কার্যালয় স্থাপন করা হবে। কেননা, উপজেলাগুলোয় কর দিতে সক্ষম এমন লোক বাড়ছে।
এনবিআরের এক জরিপের উদ্ধৃতি দিয়ে অর্থমন্ত্রী জানান, দেশে এখন ১১ লাখ লোক কর দেন। তবে বাড়িসহ অন্য সম্পদের মালিকানা বিবেচনায় এর চেয়ে দ্বিগুণ লোকের কর দেওয়ার সামর্থ্য রয়েছে। তিনি বলেন, ‘আমরা এবার ওখানে আক্রমণ করব।’
অর্থমন্ত্রী জানান, রাজস্ব আদায়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামীবার ৩১ শতাংশ বেশি রাজস্ব আদায় করতে হবে। এ পর্যন্ত এক বছরে সর্বোচ্চ ২৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত ছয় বছরে রাজস্ব আদায়ে গড়ে ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তাই আদায়ের ব্যবস্থা উন্নত করতে হবে। তবে তা হতে হবে মসৃণ।
মুহিত জানান, রাজস্ব আদায়ে আয়কর ও করপোরেট করকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এ খাতটি থেকে চলতি অর্থবছরে ৫০ হাজার কোটি টাকা আদায় হয়েছে। আগামী বছর এ খাত থেকে ৬৫ হাজার কোটি টাকা আদায় করতে হবে। এটি একটি বড় ‘জাম্প’।
অর্থমন্ত্রী আশ্বস্ত করে বলেন, নতুন আইনে মূল্য সংযোজন করের (মূসক) হার ১৫ শতাংশ হচ্ছে। এর মানে এই নয় যে এটি সবার জন্য প্রযোজ্য। এক ব্যবসায়ী কত টাকার মূল্য সংযোজন করছেন, তার ওপর ১৫ শতাংশ মূসক দেবেন। কেউ যদি ১০০ টাকার পণ্য বা সেবার মধ্যে ৩০ টাকার মূল্য সংযোজন করেন, তবে ওই ব্যক্তি শুধু ৩০ টাকার ওপর ১৫ শতাংশ মূসক দেবেন।
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘রাজস্ব আদায়ে নতুন লক্ষ্যমাত্রা অর্জন করব।’
গত ৪ জুন ঘোষিত বাজেটে আগামী অর্থবছরে এনবিআরের জন্য ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আয়কর, মূসক ও শুল্ক—এ তিনটি খাত থেকে এই বিপুল অর্থ আদায় করতে হবে।
জানা গেছে, এই বিশাল লক্ষ্য নিয়ে প্রথমে এনবিআরের কর্মকর্তাদের তীব্র আপত্তি ছিল। তবে অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় না হলে পরে লক্ষ্য কমিয়ে দেওয়া হবে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে চাপিয়ে দেওয়া বিশাল লক্ষ্যের বোঝা মেনে নেয় এনবিআর।
গতবারের মতো এবারও প্রত্যক্ষ কর বা আয়কর থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। আয়কর খাতে ৬৫ হাজার ৯৩২ কোটি টাকা, মূসকে ৬৩ হাজার ৯০২ কোটি টাকা ও শুল্ক থেকে ৪৬ হাজার ৫৩৬ কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।