এনবিআরের কর আদায় নিয়ে যমুনা গ্রুপের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সোমবার প্রথম আলোর বাণিজ্য পাতায় প্রকাশিত ‘যমুনা গ্রুপ থেকে ৭০০ কোটি টাকা আদায় করবে এনবিআর’ শিরোনামের সংবাদ বিজ্ঞপ্তির বিষয়বস্তু সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে যমুনা গ্রুপ। গতকাল যমুনা গ্রুপের চেয়ারম্যানের স্বাক্ষরে এ ব্যাখ্যা পাঠানো হয়।
ব্যাখ্যায় বলা হয়, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রায় ১৬ বছর আগে যমুনা গ্রুপের অ্যারোমেটিক কসমেটিকসের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির দুটি অসত্য মামলা দায়ের করা হয়। সে সময় অদৃশ্য হস্তক্ষেপে মামলাটি এক দিনের মধ্যে শুনানি হয়ে একই দিনে রায় হয়। ফলে রায় ভ্যাট কমিশনারেটের পক্ষে যায়। এরপর এ রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।
ব্যাখ্যায় আরও বলা হয়, গত বছর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুগান্তর-এর সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগত বিরোধের জের ধরে বর্তমান এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান পুরো যমুনা গ্রুপের বিরুদ্ধে একধরনের যুদ্ধ ঘোষণা করেন। সব চেষ্টা করেও কোনো কিছু না পেয়ে তিনি দীর্ঘদিন পড়ে থাকা অ্যারোমেটিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সামনে আনেন। সম্প্রতি আপিল বিভাগে শুনানি শেষে মামলাটির রায় হয়। কিন্তু রায়ের কপি এখনো প্রকাশিত হয়নি। এর আগেই চেয়ারম্যানের নির্দেশে এনবিআরের পক্ষ থেকে নিজেদের মতো করে দণ্ড কার্যকরের ব্যাখ্যা দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তা ছাড়া মামলাটি এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি, আইনগতভাবে অনেক ধাপ অতিক্রম করার সুযোগ রয়েছে।
এনবিআরের দাবি করা ৭০০ কোটি টাকা আদায়ের ব্যাখ্যায় বলা হয়, আমরা এ মামলায় লড়ছি মূল দাবি ৭৩ কোটি টাকার বিরুদ্ধে। চূড়ান্ত রায় এনবিআরের পক্ষে গেলে প্রথমে দাবিনামার টাকা দাবি করতে পারবে। দাবিকৃত টাকা যথাসময়ের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হলে মাসিক ২ শতাংশ হিসেবে বছরে ২৪ শতাংশ জরিমানা প্রদান করতে হবে। কিন্তু এর আগে নয়।