২০১৬: এনবিআরের জন্য ভালো ছিল বছরটি
২০১৬ সালটি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য খুব ভালো বছর। রাজস্ব আদায় হয়েছে নিজস্ব কৌশলমতোই। কোনো রাজনৈতিক অস্থিরতা ছিল না, সহিংস ঘটনাও ঘটেনি। ব্যবসা-বাণিজ্য চলেছে স্বাভাবিকভাবে। এর ফলে সারা বছরই রাজস্ব আদায়ের গতি ভালো ছিল।
পঞ্জিকা বর্ষ হওয়া দুটি অর্থবছরের রাজস্ব আদায় করতে হয়। ২০১৬ সালের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) প্রায় দেড় লাখ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে গত অর্থবছরের শেষ ছয় মাসে (জানুয়ারি-জুন) আদায় হয়েছে ৯৭ হাজার ৪৩৫ কোটি টাকা। আর পরের পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ৪৯ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে এনবিআর।
রাজস্ব আদায় ছাড়াও এ বছর এনবিআর বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এনবিআরের জন্য ২০১৬ সালের সুখবর হলো, বিশ্বব্যাংকের লজিস্টিক পারফরম্যান্স সূচক (এলপিআই) ২০১৬-তে বাংলাদেশ দুই বছরের ব্যবধানে ৩১ ধাপ এগিয়েছে। ২০১৬ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ১৬০টি দেশের মধ্যে ৮৭তম। ২০১৪ সালে অবস্থান ছিল ১০৮তম। মূলত শুল্কায়ন ব্যবস্থাপনায় অটোমেশন পদ্ধতির উন্নতি হওয়ায় বাংলাদেশের উন্নতি হয়েছে। প্রতি দুই বছর পরপর এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
আর সবচেয়ে বড় ব্যর্থতা হলো, গত জুলাই মাস থেকে নতুন মূল্য সংযোজন আইন বাস্তবায়ন করতে না পারা। ব্যবসায়ীদের এ আইন বাস্তবায়নে যেমন আপত্তি আছে; তেমনি এনবিআরের প্রস্তুতিও পর্যাপ্ত ছিল না। সর্বোপরি, মূসক আইন বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার অভাবও ছিল।