এনবিআরের প্রতি আস্থা রাখছেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

উচ্চাভিলাষী বাজেটের বড় ধরনের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আস্থা রাখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আজ শুক্রবার অর্থমন্ত্রী বলেছেন, ‘আমাদের উদাহরণ রয়েছে এক বছরে ২৩ শতাংশ বাড়তি কর আদায়ের। আগামী অর্থবছরে ৩০ শতাংশ বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখনকার এনবিআর এ জন্য প্রস্তুত। কারণ সংস্থাটির জনবল বাড়ানো হয়েছে এবং কর্মকর্তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।’
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ শুক্রবার বিকেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর দিন প্রথাগতভাবেই অর্থমন্ত্রী এই সংবাদ সম্মেলন করেন।
এ সময় তাঁর দুই পাশে ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারাই ‘উচ্চাভিলাষী’ শব্দটি ব্যবহার করেন। হ্যাঁ, এটা ঠিক যে, কর আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী হয়েছে। তবে এটাও তো ঠিক, এতে বড় ধরনের ধাক্কা দেওয়ার সময় এসেছে। সেই ধাক্কাটি আমরা দিতে চাই। ”

অর্থমন্ত্রী বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ শতাংশে উন্নীত করতে চাইলে রাজস্ব সংগ্রহে অতিরিক্ত উদ্যোগের দরকার। সরকার এরই মধ্যে তা নিয়েছে। তবে তিনি এ-ও বলেন, করদাতার সংখ্যা বৃদ্ধির গতিটা খুবই শ্লথ। ২০০৯ সালে এই সংখ্যা ছিল মাত্র ৭ লাখ, এখনো ১১ লাখ।
কালো টাকা বিষয়ে বাজেট বক্তব্যে কোনো কিছু না থাকার কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী তিনি বলেন, ‘আয়কর আইনে জরিমানা নিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া আছে। তাই এটা নিয়ে বিশেষ কোনো বক্তব্য রাখার দরকার ছিল বলে মনে করিনি।’
সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষি খাতে ভর্তুকির বাইরে কৃষকদের রপ্তানিতে নগদ সহায়তা ও সেচকাজের বিদ্যুৎ বিলের ওপর ২০ শতাংশ রেয়াত দিচ্ছে, কৃষিঋণের সুদহার কমিয়েছে। এ সময় তিনি বলেন, ‘কয়েক দিনের খবরের কাগজের হেডলাইনই (শিরোনাম) প্রকৃত চিত্র নয়। প্রকৃত পাওয়া যায় সারা বছর। কেউ কি ভেবেছিল বাংলাদেশ থেকে একদিন খাদ্য রপ্তানি হবে? এখন চাল রপ্তানি হচ্ছে, সবজি রপ্তানি হচ্ছে। আপনারা খবরের কাগজে দেখেছেন আমও এখন রপ্তানি হচ্ছে।’
মতিয়া চৌধুরী বলেন, সরকার কোনো চাল আমদানি করে না। ২০০৭-০৮ অর্থবছরে চালের ওপর শুল্ক কমানো হয়। বেসরকারি খাত এই সুযোগটা নেয়। তিনি জানান, ধান-চাল-গমের মতো প্রয়োজন হলে ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে ভুট্টা কিনবে সরকার।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘একটা জাতিকে এগিয়ে নেওয়ার জন্য উচ্চাভিলাষ থাকাটা খারাপ না। যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারাই এ বিষয় নিয়ে নাড়াচাড়া করেন। আমাদের মতো দেশে গরিবদের যে ভাতা দেওয়া সম্ভব তা শুধু উচ্চাভিলাষ না, স্বপ্নবিলাসও। কিন্তু ৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার তা করে দেখিয়েছে।’
শিল্পমন্ত্রী বলেন, দেশে বিনিয়োগ হচ্ছে না, এটা বাইরে থেকে বলা যাবে না। বিসিকে বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের কাছ থেকে প্রচুর আবেদন আসছে। সে কারণে বিসিক শিল্পনগরী সম্প্রসারণ করা হচ্ছে। সরকার অনেকগুলো ইকোনমিক জোন করছে। বিনিয়োগের জন্যই সরকার এসব করছে।’

প্রবৃদ্ধির ক্ষেত্রে ধীরে এগোচ্ছি: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০০৫-০৬ অর্থবছরে দেশের এডিপির আকার ছিল ২১ হাজার ৫০০ কোটি টাকা। গত বছর তা ছিল ৭৭ হাজার ৮০০ কোটি টাকা। এডিপিও সাবলীলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। প্রবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ‘ছয় বছর আগে ভারতের চীনের প্রবৃদ্ধি হতো ১৪ শতাংশ হারে। সেটা কমে এসেছে। ভারতের প্রবৃদ্ধি ছিল ৯ শতাংশ। সেটা কমে এসেছে ৬ শতাংশে। একবার ওপরে উঠে গিয়ে আবার ফিরে আসব, এটা আমরা চাই না। সে কারণে আমরা ধীরে এগোচ্ছি।’