এনবিআরের শীর্ষপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। এতে বেশ কয়েকজন সদস্যের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। গতকাল সোমবার বিকেলে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।নতুন চেয়ারম্যান গোলাম হোসেন যোগদানের পর এটাই প্রথম রদবদল। শুল্ক নিরীক্ষা ও গোয়েন্দার বিভাগের সদস্য জাহান আরা সিদ্দিকীকে শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনায় বদলি করা হয়েছে। একইভাবে সদস্য ফরিদ উদ্দিনকে মূসকনীতির পরিবর্তে শুল্কনীতি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। সদস্য নাসির উদ্দিনকে শুল্কনীতির পরিবর্তে শুল্ক রপ্তানি বন্ড ও আইটি বিভাগসহ শুল্ক নিরীক্ষা ও গোয়েন্দা বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সদস্য ফিরোজ শাহ আলমকে মূসক বাস্তবায়ন ও আইটি বিভাগের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মূসক নিরীক্ষা ও গোয়েন্দা বিভাগে দেওয়া হয়েছে। সদস্য জাহাঙ্গীর হোসেনকে মূসক নিরীক্ষা ও গোয়েন্দা থেকে মূসকনীতি বিভাগে বদলি করা হয়েছে। সদস্য এনায়েত হোসেনকে শুল্ক ও মূসক প্রশাসন বিভাগ থেকে বদলি করে কাস্টমস, এক্সাইজ ও মূসক অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি করা হয়েছে। আর এই অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি হোসেন আহমদকে বোর্ড প্রশাসনে বদলি করা হয়েছে।নিরীক্ষা, তদন্ত ও গোয়েন্দা বিভাগের সদস্য মো. আলাউদ্দিনকে কর জরিপ ও পরিদর্শন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে আয়কর বিভাগের সব উন্নয়ন প্রকল্প দেখভাল করবেন। কর জরিপ ও পরিদর্শন বিভাগের সদস্য মো. শাহজাহান মিয়াকে নিরীক্ষা, তদন্ত ও গোয়েন্দা বিভাগে আনা হয়েছে। এদিকে সদস্য কাদের সরকার, বশির উদ্দিন আহমেদ, সৈয়দ আমিনুল করিম, কালিপদ হালদার ও রাহেলা চৌধুরীকে একই পদে বহাল রাখা হয়েছে। তবে রাহেলা চৌধুরীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইন্টারন্যাশনাল ট্যাক্সেস এবং সৈয়দ আমিনুল করিমকে গবেষণা ও পরিসংখ্যান বিভাগ দেওয়া হয়েছে।