এনবিআরের হিসাব কিতাব মাথায় ঢোকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মো. গোলাম মাওলা
মো. গোলাম মাওলা

জুলাই থেকে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আইন বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে সরকার। এই আইনের এখনকার প্যাকেজ ভ্যাট আর থাকছে না—বিষয়টি মোটামুটি নিশ্চিত। তবে পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ীরা কী হারে ভ্যাট দেবেন, কীভাবে আদায় করবেন তা নিশ্চিত নন। এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ওই এলাকার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা, যিনি একজন আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ী। সাক্ষাৎকার নিয়েছেন রাজীব আহমেদ

প্রথম আলো: ১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। জুলাই থেকে নতুন মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আইন বাস্তবায়িত হচ্ছে। এই নিয়ে আপনাদের মতো পাইকারি ব্যবসায়ীদের উদ্বেগ কী?

গোলাম মাওলা: আমি ব্যবসায়ী ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা এত দিন ধরে সংগ্রাম করেছি প্যাকেজ ভ্যাট
নিয়ে। এখনো আমরা সেটাই চাই। কারণ আমরা প্যাকেজ মূসকে স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রয়োজন হলে আগের চেয়ে অর্থ বাড়িয়ে দেব। তবু প্যাকেজ ভ্যাট রাখা হোক।

প্রথম আলো: হিসাব রেখে ভ্যাট দিলে অসুবিধা কী?

গোলাম মাওলা: আপনি যদি কখনো মৌলভীবাজারে যান, তাহলে দেখতে পাবেন সেখানে ভ্যাটের হিসাব রাখার মতো কোনো অবস্থা নেই। কিছু দোকান দেখবেন বড়। বাকি ৯০ শতাংশের ভ্যাটের যন্ত্রপাতি রাখার মতো কোনো অবস্থা নেই। আর ভ্যাট দেবে ভোক্তা, আমাদের এখানে ভোক্তার কাছ থেকে ভ্যাট নেব, এমন কোনো সুযোগ নেই। আর ভ্যাটের কারণে তো পণ্যের দাম বেড়ে যাবে।

প্রথম আলো: দাম কেন বাড়বে?

গোলাম মাওলা: আপনি আমার কাছ থেকে পণ্য কিনে নিয়ে গেলেন, ভ্যাট দেবেন। আপনি পণ্য বিক্রি করবেন, ভ্যাট আদায় করবেন। আবার খুচরা পর্যায়েও ভ্যাট আদায় হবে। এভাবে পর্যায়ে পর্যায়ে ভ্যাটের কারণে পণ্যের দাম বাড়বে। আমার কথা হলো, অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদনকারী ও ব্যবসায়ীদের ভ্যাট অব্যাহতি দেওয়া হোক।

প্রথম আলো: আপনারা লাখ লাখ টাকা লেনদেন করেন, হিসাব রেখে ঠিকমতো হারে ভ্যাট দিতে সমস্যা কোথায়?

গোলাম মাওলা: আমাদের মধ্যে দু-চারজনের শীতাতপনিয়ন্ত্রিত কার্যালয় আছে। অন্যদের সেই অবস্থা আছে কি না, তা আপনি নিজে এসেই দেখে যান। আমরা এগুলো শ্রেণিবিন্যাস করতে বলেছিলাম।

প্রথম আলো: মৌলভীবাজার থেকে কি সরকার কিছু পায়?

গোলাম মাওলা: অবশ্যই পায়। আমরা প্যাকেজ ভ্যাট দিচ্ছি। প্রয়োজন হলে আরও দেব। আমাদের দাবি মানলে আমরা সরকারের জন্য ভ্যাট আদায়ে মাঠে নামব।

প্রথম আলো: এনবিআর তো বলছে পণ্যের দাম বাড়বে না। আপনারা বাড়বে বলছেন কেন?

গোলাম মাওলা: আপনি হোটেলে খেতে গেলেন, ১ হাজার টাকা বিলের ওপর ১৫০ টাকা ভ্যাট আসবে। পণ্যের ওপর স্তরে স্তরে ভ্যাট বসবে। তাহলে দাম বাড়বে না কেন? এনবিআর যে হিসাবকিতাব বোঝায়, তা আমাদের মাথায় ঢোকে না।

প্রথম আলো: এনবিআর কি কখনো ভ্যাট আইন নিয়ে আপনাদের প্রশিক্ষণ দিয়েছে?

গোলাম মাওলা: আমাদের সমিতির বরাবর প্রশিক্ষণের জন্য এনবিআরের আঞ্চলিক কার্যালয় থেকে একটি চিঠি দিয়েছিল। তাতে বলা হয়েছিল প্রশিক্ষণ দেওয়া হবে। অনেকেই যাননি।

প্রথম আলো: প্যাকেজ ভ্যাট তো থাকছে না।

গোলাম মাওলা: আমরা প্যাকেজ ভ্যাটই চাই। সেটা না থাকলে কী হবে তা সরকারের ঘোষণা এলে দেখা যাবে। এ বিষয়ে এফবিসিসিআই ও ব্যবসায়ী ঐক্য ফোরাম যে ব্যবস্থা নেবে, তা আমরা মেনে নেব।