এনবিএল সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়ার স্ত্রী রুখসানা আকতারকে নিয়মবহির্ভূতভাবে মাত্রাতিরিক্ত ঋণসুবিধা দেওয়ায় এনবিএল সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএসইসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসি জানিয়েছে, রুখসানা আকতারকে ঋণ দেওয়ার ক্ষেত্রে এনবিএল সিকিউরিটিজ অনুমোদিত অনুপাতের সীমা ও ২০০৯ সালের ১১ ফেব্রুয়ারি জারি করা নির্দেশনা লঙ্ঘন করেছে।
এর আগে পুঁজিবাজার তদন্ত কমিটির সুপারিশে বিএসইসি আনোয়ারুল কবীর ভূঁইয়ার বিভিন্ন অনিয়ম অধিকতর তদন্ত করে। বিএসইসির অধিকতর তদন্তে বলা হয়, রুখসানা আকতারের নামে চারটি বিও (বেনিফিশারি ওনার্স) পরিচালনা করা হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, বিএলআই সিকিউরিটিজ, লংকা-বাংলা সিকিউরিটিজ ও এনবিএল সিকিউরিটিজে এই চারটি বিও হিসাব খোলা হয়।
এর মধ্যে এনবিএল সিকিউরিটিজ রুখসানা আকতারের বিও হিসাবে মাত্র তিন লাখ টাকার বিপরীতে তিন কোটি ২০ লাখ টাকার ঋণসুবিধা দিয়েছে। সেই হিসাবে এক টাকার বিপরীতে প্রায় ১০৭ টাকা (১: ১০৭) হারে ঋণসুবিধা দেওয়া হয়। অথচ শেয়ারবাজারে কখনোই এত অধিক হারে ঋণ দেওয়ার কোনো বিধান ছিল না। তাই রুখসানা আকতারের ওই হিসাবে ঋণসুবিধা দেওয়ার ক্ষেত্রে এনবিএল সিকিউরিটিজ বিএসইসির মার্জিন ঋণসংক্রান্ত নির্দেশনা মানেনি।
সম্প্রতি কমিশন আনোয়ারুল কবীর ভূঁইয়াকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের শাস্তি হিসেবে তাঁর বেতন থেকে ছয়টি ইনক্রিমেন্ট বাদ দেওয়া হয়েছে।