এনবিএল সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা আনোয়ারুল কবীর ভূঁইয়ার স্ত্রী রোকসানা আক্তারের বিও হিসাবে আইনি সীমা লঙ্ঘন করে মাত্রাতিরিক্ত ঋণ-সুবিধা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এনবিএল সিকিউরিটিজ রোকসানা আক্তারের বিও হিসাবে মাত্রাতিরিক্ত এই ঋণ-সুবিধা দিয়েছিল। নির্ধারিত সীমার অতিরিক্ত ঋণ দেওয়ার কারণ অনুসন্ধানে এনবিএল সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে এসইসি।কমিশনের পরিচালক শেখ মাহবুব উর রহমান ও উপপরিচালক ওহিদুল ইসলামের সমন্বয়ে গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত রোববার এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।এর আগে কমিশন অধিকতর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আনোয়ারুল কবীর ভূঁইয়াকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে। ওই তদন্ত প্রতিবেদনে তাঁর স্ত্রী রোকসানা আক্তারের বিও হিসাবে এনবিএল সিকিউরিটিজের মাত্রাতিরিক্ত ঋণ-সুবিধা দেওয়ার তথ্য তুলে ধরা হয়।প্রতিবেদন অনুসারে, এনবিএল সিকিউরিটিজ রোকসানা আকতারের বিও হিসাবে মাত্র তিন লাখ টাকার বিপরীতে তিন কোটি ২০ লাখ টাকার ঋণ-সুবিধা দিয়েছে। সে হিসাবে রোকসানা আক্তার এক টাকার বিপরীতে প্রায় ১০৭ টাকা (১: ১০৭) হারে ঋণ-সুবিধা পেয়েছেন। অথচ শেয়ারবাজারে কখনোই এত অধিক হারে ঋণ দেওয়ার কোনো বিধান ছিল না। এ ক্ষেত্রে এনবিএল সিকিউরিটিজও এসইসির মার্জিন ঋণ-সংক্রান্ত নির্দেশনা মানেনি।