এনভয় টেক্সটাইলস বিশ্বের প্রথম পরিবেশসম্মত ডেনিম কারখানা

বিশ্বের প্রথম ডেনিম কাপড় প্রস্তুতকারক কারখানা হিসেবে প্লাটিনাম লিড সনদ পেয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড। এর অর্থ এনভয় টেক্সটাইলস হচ্ছে ডেনিম মিল হিসেবে বিশ্বের সবচেয়ে পরিবেশসম্মত স্থাপনা। এ ছাড়া বাংলাদেশে টেক্সটাইল কারখানাগুলোর মধ্যেও প্রথম এই সনদ পেল এনভয় টেক্সটাইল।
পরিবেশ ও জ্বালানি-সম্পর্কিত আন্তর্জাতিক মান রক্ষা স্থাপনাসমূহের সর্বোচ্চ সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এই সনদ দিয়েছে। গতকাল সোমবার রাজধানীর র্যাডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সনদ পাওয়ার এই ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুর্শেদী। এ ছাড়া প্লাটিনাম লিড সনদের বিভিন্ন দিক এবং এনভয় টেক্সটাইলের সনদ পাওয়ার কর্মপদ্ধতির বিস্তারিত আলোচনা করেন ইউএসজিবিসির পক্ষে গুনা রাজেসকেতন। এ বিষয়ে একটি প্রামাণ্যচিত্রও দেখানো হয়।
কুতুবউদ্দিন আহমেদ বলেন, জ্বালানি ও পরিবেশ পরিকল্পনায় এনভয় টেক্সটাইলস বিশ্বমান অর্জন করেছে। এই মান ধরে রাখতে কারখানাটি সব সময়েই চেষ্টা অব্যাহত রাখবে, যাতে টেক্সটাইল ও অ্যাপারেল খাতে বাংলাদেশের সম্মান আরও বৃদ্ধি পায়। এনভয় টেক্সটাইল এরপর পণ্য উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দেবে।
অনুষ্ঠানে জানানো হয়, ইউএসজিবিসির দেওয়া সনদের মধ্যে রয়েছে সার্টিফাইড, সিলভার, গোল্ড ও প্লাটিনাম। এর মধ্যে প্লাটিনাম হচ্ছে সর্বোচ্চ। সারা বিশ্বের ১৫০টি দেশের ৭২ হাজারেরও বেশি প্রকল্পের প্রায় ১৪০০ কোটি বর্গফুট স্থাপনার জন্য এই লিড সনদ পাওয়ার চেষ্টা করছে। লিড সনদপ্রাপ্তির অর্থ হলো বেশি উৎপাদনশীলতা, পরিবেশের ওপর কম চাপ এবং কাঁচামালের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে স্থাপনা তৈরি এবং এর ব্যবহার।
উদ্যোক্তারা জানান, এনভয় টেক্সটাইলস পানির চক্রকে সঠিকভাবে কাজে লাগিয়ে বছরে প্রায় ৪০ হাজার কিলো-গ্যালন পানির অপচয় কমাচ্ছে। পানি শোধনাগারের পানি ও বৃষ্টির পানি পুনর্ব্যবহার করার জন্য একটি বড় লেক তৈরি করা হয়েছে। এই লেকেই মাছ চাষসহ পরিষ্কার-পরিচ্ছন্ন কৃষি সেচ এবং অগ্নিনির্বাপণের জন্য একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে। আবার জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে জেনারেটরের ওয়েস্ট হিটকে কাজে লাগিয়ে বাষ্প পরিচালনা ও দিনের আলো ব্যবহারের মাধ্যমে চাহিদার চেয়ে ৩০ শতাংশ কম জ্বালানিতে কারখানা পরিচালনা করছে।
সবশেষে অনুষ্ঠানে জানানো হয়, ময়মনসিংহের ভালুকায় স্থাপিত এনভয় টেক্সটাইলস চত্বরে পরিকল্পিত বনায়ন অভ্যন্তরীণ তাপমাত্রাকে কমিয়েছে। আবার বনায়নের সঙ্গে প্রাকৃতিক সার ব্যবস্থাপনা করা হচ্ছে।
অনুষ্ঠানে শ্রমিকদের জন্য নেওয়া বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি এবং অন্যান্য সামাজিক কর্মসূচি (সিএসআর) নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।