এনভয় টেক্সটাইলের আইপিও অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে এনভয় টেক্সটাইল লিমিটেড। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনভয় টেক্সটাইল লিমিটেড আইপিওর মাধ্যমে তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৯০ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ২০ টাকা প্রিমিয়াম নেওয়া হবে।প্রতিষ্ঠানটি বাজার থেকে উত্তোলিত এই টাকা বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়, চলতি মূলধন ও আইপিওর খরচ খাতে ব্যয় করবে।২০১০-১১ সালের নিরীক্ষিত হিসাব অনুযায়ী এনভয় টেক্সটাইল লিমিটেডের বেসিক শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪.৪২ টাকা।লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এনভয় টেক্সটাইলের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।এ ছাড়া আরিয়ান কেমিক্যালস লিমিটেডকে এক কোটি ৭০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৭ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে আজকের কমিশন সভায়। প্রতিষ্ঠানটির বর্তমান শেয়ারহোল্ডাররা এবং ব্যক্তি বা প্রতিষ্ঠান এই শেয়ার ক্রয় করতে পারবে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে।