এনভয় টেক্সটাইলের আইপিও অনুমোদন
শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে বস্ত্র খাতের আরেক কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড। গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় কোম্পানিটিকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন দেওয়া হয়।এ ছাড়া একই সভায় নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে এরিয়ান কেমিক্যালসের মূলধন বাড়ানোরও প্রস্তাব অনুমোদন করা হয়। সভা শেষে গতকাল এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এসইসি জানিয়েছে, এনভয় টেক্সটাইল আইপিওর মাধ্যমে তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৯০ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। সংগৃহীত টাকা কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, চলতি মূলধন হিসেবে ব্যবহার করবে বলে এসইসিকে জানিয়েছে। জানা গেছে, এর আগে কোম্পানিটি প্লেসমেন্ট শেয়ার বিক্রির মাধ্যমে তাদের মূলধন বাড়িয়েছিল। প্লেসমেন্টে প্রতিটি শেয়ারের মূল্য ছিল ২৩ টাকা। কোম্পানিটি অভিহিত ও অধিমূল্য মিলিয়ে প্রথমে ৫৫ টাকা দাম চেয়ে এসইসিতে আইপিও প্রস্তাব জমা দেয়। কিন্তু সাম্প্রতিক শেয়ারবাজার-পরিস্থিতিতে সেই দাম পরিবর্তন করে ৩০ টাকা করা হয়। ওই দামে এসইসি কোম্পানিটির আইপিও আবেদন অনুমোদন করে। বস্ত্র খাতের এই কোম্পানিটি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ ও সালাম মুর্শেদীর মালিকানাধীন প্রতিষ্ঠান।এসইসি আরও জানিয়েছে, ২০১০-১১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে চার টাকা ৪২ পয়সা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লঙ্কাবাংলা সিকিউরিটিজ ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।এ ছাড়া এরিয়ান কেমিক্যালসকে এক কোটি ৭০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে এসইসি। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি ১৭ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। কোম্পানিটির বর্তমান শেয়ারধারীরা নতুন এসব শেয়ার কিনতে পারবেন।