এনভয় টেক্সটাইলের আইপিওর চাঁদা গ্রহণ স্থগিত
এনভয় টেক্সটাইলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা গ্রহণ স্থগিত করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল রোববার এসইসির জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এনভয় টেক্সটাইলস লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির আইপিওর চাঁদা গ্রহণের তারিখ আপাতত স্থগিত করা হয়েছে।’ চাঁদা গ্রহণের নতুন সময় পরবর্তী সময়ে জানানো হবে বলে সংবাদবিজ্ঞপ্তিতে আরও বলা হয়।এসইসি সূত্রে জানা যায়, ৫ জুলাই ৪৩৫তম কমিশন সভায় এনভয় টেক্সটাইলস লিমিটেডের আইপিও অনুমোদন দেয় এসইসি।এসইসির অনুমোদন অনুসারে, ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত এনভয় টেক্সটাইলসের আইপিওর চাঁদা সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়। আর প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ২৯ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত আইপিওর চাঁদা সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়।প্রতিষ্ঠানটির নির্দেশিকায় প্রকাশিত তথ্যমতে, শেয়ারবাজারে তিন কোটি শেয়ার ছেড়ে ৯০ কোটি টাকা উত্তোলন করার কথা ছিল এনভয় টেক্সটাইলসের। এ ক্ষেত্রে ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ার ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা নির্ধারণ করা হয়। উত্তোলিত অর্থ মেশিনারিজ ক্রয়, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। ২০১০-১১ অর্থবছরের আর্থিক নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির বেসিক শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪ দশমিক ৪২ টাকা।এনভয় টেক্সটাইলস লিমিটেডের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে লংকা-বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।এর আগে ১০ জুলাই সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের আইপিওর চাঁদা গ্রহণ স্থগিত করেছিল এসইসি। প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছিল।