এনভয় টেক্সটাইলের লেনদেন শুরু কাল
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে এনভয় টেক্সটাইল লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পর এরই মধ্যে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষ হয়েছে। কাল রোববার দুই স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হবে। আজ শনিবার ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান এ তথ্য জানান।ডিএসই সূত্রে জানা যায়, টেক্সটাইল খাতের এই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন ‘এন’ ক্যাটাগরিতে হবে। ডিএসইতে প্রতিষ্ঠানটির লেনদেন কোড ‘এনভয়টেক্স’ ও ডিএসই কোম্পানি কোড ১৭৪৫৫।এনভয় টেক্সটাইল লিমিটেড আইপিও প্রক্রিয়ার মাধ্যমে তিন কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৯০ কোটি টাকা সংগ্রহ করেছে। এই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের দাম ২০ টাকা। প্রিমিয়ামসহ ৩০ টাকা নির্ধারণ করা হয়। প্রতি ২০০টি শেয়ারে একটি মার্কেট লট।শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যে গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের থেকে আইপিও আবেদন গ্রহণ করে প্রতিষ্ঠানটি। আর অনাবাসী বাংলাদেশিরা আইপিওর জন্য আবেদন করেন ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত।এনভয় টেক্সটাইল লিমিটেডের প্রসপেক্টাসে প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভ সারপ্লাস ছাড়া প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৯ দশমিক ৯০ টাকা। আর রিজার্ভ সারপ্লাসসহ এনএভি দাঁড়ায় ৩৭ দশমিক ৬২ টাকা। ওই প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪ দশমিক ৪২ টাকা।