এনসিসি মোবাইল ব্যাংকিং চালু করছে রোববার
আগামী রোববার থেকে ‘এনসিসিবি শিওর ক্যাশ’ নামে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করতে যাচ্ছে বেসরকারি খাতের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) লিমিটেড।
প্রযুক্তিগত সুবিধা সহজলভ্য করে সেবার পরিধি বাড়াতে এসএমএস, টেলিব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মতো সেবা প্রচলন করা হয়েছে ব্যাংকটিতে।
এনসিসি ব্যাংকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূরুল আমিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক টি এম ফারুক চৌধুরী ও আখতার হামিদ খান।
নূরুল আমিন বলেন, ‘আমরা পেপারলেস ব্যাংকিংয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি খুব শিগগিরই। এ ক্ষেত্রে আমাদের তরুণ ব্যাংকাররা অগ্রসর হয়েই আছে। কিন্তু আমরা প্রবীণেরা একটু পিছিয়ে। তবে তা-ও শিখে নিচ্ছি।’
নুরুন নেওয়াজ সেলিম বলেন, প্রথাগত ব্যাংকিংয়ের পাশাপাশি সেবার নতুন নতুন প্রযুক্তিগত উদ্ভাবনের ধারায় যুক্ত হতে পেরে তাঁরা গর্বিত।