এপিআই শিল্পপার্কের কাজ দ্রুত শেষ করতে শিল্পমন্ত্রীর নির্দেশ
গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট বা এপিআই শিল্পপার্ক বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।শিল্পপার্কটি পরিদর্শনকালে গতকাল মঙ্গলবার শিল্পমন্ত্রী বিসিক কর্তৃপক্ষ এবং প্রকল্প পরিচালককে এই নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ঈদের আগেই প্রকল্পের মাটি ভরাটের কাজ সমাপ্ত করতে বলেন। এ সময় বিসিকের চেয়ারম্যান ফখরুল ইসলাম, পরিচালক (প্রকল্প) মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব আবদুল মোক্তাদির, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।উন্নত পরিবেশে দেশের ওষুধশিল্পের কাঁচামাল উৎপাদনের লক্ষ্যে মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় ২০০ একর জমিতে এপিআই শিল্পপার্ক স্থাপিত হচ্ছে। মোট ২৩৩ কোটি ৫০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বিসিক।