এপিআই শিল্পপার্কের কাজ দ্রুত শেষ করার নির্দেশ
এ বছরের মে মাসের মধ্যে ওষুধ শিল্পপার্কের সীমানাপ্রাচীর, নর্দমা ও রাস্তা নির্মাণের জন্য দরপত্র আহ্বান এবং সেপ্টেম্বরের মধ্যে প্রকল্প এলাকায় ভরাট করা মাটির ড্রেজিং ও প্লটিংয়ের কাজ শেষ করতে প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ বুধবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে শিল্পমন্ত্রী এ নির্দেশ দেন।
এ সময় মন্ত্রী বলেন, সরকারের অগ্রাধিকার তালিকাভুক্ত এ শিল্পপার্ক প্রকল্প দ্রুত শেষ করে ওষুধ শিল্প মালিকদের মধ্যে প্লট বরাদ্দ দেওয়া হবে।
মুন্সিগঞ্জের গজারিয়ায় এই অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়্যান্টস (এপিআই) শিল্পপার্ক বা ওষুধ শিল্পপার্কটির নির্মাণকাজ চলছে।
বৈঠকে জানানো হয়, প্রকল্প এলাকায় ভূমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। ভূমি উন্নয়নের কাজও শেষ পর্যায়ে। ইতিমধ্যে প্রকল্পের জন্য পরিবেশ-সংক্রান্ত ছাড়পত্র পাওয়া গেছে। নর্দমা, রাস্তা ও সীমানাপ্রাচীর নির্মাণ শেষ হলে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে।
বৈঠকে সমিতির নেতারা জানান, শিল্পনগরের পরিবেশ সুরক্ষায় উদ্যোক্তারা নিজেদের অর্থায়নে ৮০ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণ করবে। প্রকল্প এলাকায় গ্যাস ও বিদ্যুত্-সংযোগের বিষয়ে আগাম উদ্যোগ নিতে শিল্পমন্ত্রীর সহায়তা কামনা করেন তাঁরা।
বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান, মহাসচিব আব্দুল মুক্তাদির, নির্বাহী সদস্য সাংসদ হাবিবে মিল্লাত, বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ওষুধ শিল্পপার্কের প্রকল্প পরিচালক আবুল বাসেত প্রমুখ উপস্থিত ছিলেন।