এপিআই শিল্পপার্কের নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ শিল্পমন্ত্রীর
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাস্তবায়নাধীন অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়্যান্ট (এপিআই) শিল্পপার্কের নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। আজ সোমবার এপিআই শিল্পপার্কের নির্মাণকাজ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন।
দিলীপ বড়ুয়া বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় ওষুধ শিল্পের আন্তর্জাতিক বাজার ধরে রাখতে কোনো ধরনের কালক্ষেপণ না করে প্রকল্পের বাস্তবায়ন জরুরি। এটি বাস্তবায়িত হলে দেশের ওষুধ শিল্পে গুণগত পরিবর্তন আসবে বলে মন্তব্য করেন তিনি।
দিলীপ বড়ুয়া আরও বলেন, ওষুধ শিল্পে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ হলেও এর কাঁচামাল আমদানিনির্ভর। ফলে বাংলাদেশের জন্য এ শিল্পের আন্তর্জাতিক বাজার দিন দিন প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। প্রতিযোগিতায় টিকে থাকতে দেশেই কাঁচামাল উত্পাদনের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দেশে ওষুধ শিল্পের কাঁচামাল তৈরি সম্ভব হলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ওষুধ রপ্তানির সক্ষমতা বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ পি এম মাহাবুবুল করিমের সভাপতিত্বে সভায় প্রকল্পের বিস্তারিত অগ্রগতি তুলে ধরেন প্রকল্প পরিচালক মো. আবুল বাসেত। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সাংসদ এম. ইদ্রিস আলী, বিসিকের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম সারোয়ার ও গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান বক্তব্য দেন।
প্রসঙ্গত, বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালা অনুযায়ী ২০১৬ সাল থেকে পেটেন্ট ড্রাগ উত্পাদনের ক্ষেত্রে বাংলাদেশকে রয়েলটি দিতে হবে। ফলে দেশে উত্পাদিত ওষুধের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে নিজস্ব উত্পাদন থেকে কাঁচামাল জোগান দেওয়া জরুরি হয়ে পড়বে। ওষুধ শিল্পের শতকরা ৯৫ ভাগ আমদানিনির্ভর কাঁচামাল দেশেই উত্পাদনের লক্ষ্যে এ প্রকল্প নেওয়া হয়। ৩৩১ কোটি ৮৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় মোট ২০০ একর জমিতে এটি বাস্তবায়িত হচ্ছে। এটি সমাপ্ত হলে শিল্পপার্কে ওষুধ শিল্পের কাঁচামাল উত্পাদনে সক্ষম ৪২টি শিল্প কারখানা স্থাপন করা সম্ভব হবে।
শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।