এপিআই স্থাপনে সময় বেঁধে দিয়েছে এসইসি
বাজার তদারকির জন্য নিজস্ব সার্ভিলেন্স সফটওয়্যার স্থাপন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এই সফটওয়্যারের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) সংযুক্ত করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই। সিএসইর ব্যবহার করা সফটওয়্যারে এপিআই সুবিধা থাকলেও বর্তমানে ডিএসইর এই সুবিধা নেই। আগামী ৩০ অক্টোবরের মধ্যে ডিএসইকে এপিআই স্থাপন করতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। গত সপ্তাহে দুই স্টক এক্সচেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এসইসির পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।এ ব্যাপারে সিএসইর সভাপতি আল মারুফ খান প্রথম আলো ডটকমকে বলেন, সিএসইর বিদ্যমান সার্ভিলেন্স সফটওয়্যারে এপিআই সুবিধা রয়েছে। তাই এসইসির নতুন সফটওয়্যার চালুর ক্ষেত্রে সিএসইর সঙ্গে সংযোগ স্থাপনে কোনো বাধা নেই।এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘এসইসির পক্ষ থেকে এপিআই স্থাপন করতে বলা হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এটা স্থাপন করব।’ বাজার তদারকি জোরদারে এসইসির সার্ভিলেন্স সফটওয়্যার স্থাপন খুবই ভালো ও যুগোপযোগী একটি পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি। এতে বাজারে স্বচ্ছতা বাড়বে। কারসাজি অনেকাংশে কমে যাবে বলে মনে করেন ডিএসইর প্রধান নির্বাহী। এসইসি সূত্র জানায়, শেয়ারবাজারে কারসাজি বন্ধে নিজস্ব সার্ভিলেন্স সফটওয়্যার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এসইসি। এই সফটওয়্যার স্থাপনে খরচ হবে প্রায় চার কোটি ৭৫ লাখ টাকা। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থ সহায়তা দেবে। আগামী ৮ নভেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে সফটওয়্যার চালু করা হবে।এদিকে নিজস্ব সার্ভিলেন্স সফটওয়্যার চালুর লক্ষ্যে সম্প্রতি অর্থমন্ত্রী, ডিএসই, সিএসই ও সিডিবিএলের সঙ্গে বৈঠক করেছেন এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন।সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ সামাদ এসইসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসইসি নিজস্ব সার্ভিলেন্স সফটওয়্যার চালুর ক্ষেত্রে সিডিবিএলের পক্ষ থেকে কিছু কাজ করতে হবে। সে সব প্রয়োজনীয় কাজ করার জন্য এসইসির চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন।