এপিজির তিন দিনের কর্মশালা আগামী ২৬ অক্টোবর শুরু
মানি লন্ডারিং প্রতিরোধে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর গ্রুপের (এপিজি) একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠেয় তিন দিনব্যাপী এ কর্মশালাটি উদ্বোধন করবেন।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী শফিক আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। ৪০টি দেশের ১৫০ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশ নেবেন বলে জানা গেছে। ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ এপিজির সদস্য এবং বাংলাদেশের সাচিবিক দায়িত্ব পালন করছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক চিঠিতে অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে এত বড় কর্মশালা আর হয়নি। কর্মশালাটি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।কর্মশালাটি সফল করার ব্যাপারে আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল কাসেমের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।