এপিজির নীতিনির্ধারণী কমিটির সদস্য হলো বাংলাদেশ
মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আঞ্চলিক সংগঠন এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের (এপিজি) মূল নীতিনির্ধারণী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এপিজির ১৩তম বার্ষিক সভায় সর্বসম্মতক্রমে বাংলাদেশকে এ দায়িত্ব দেওয়া হয়। এপিজির মূল নীতিনির্ধারণী কমিটি (স্টিয়ারিং গ্রুপ) সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ এ সংস্থায় ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার নেতৃত্ব দেবে। সিঙ্গাপুরে ১২ জুলাই থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এপিজির বার্ষিক সভায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ফেরদৌস খান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব রিজওয়ানুল হুদা, বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের উপপরিচালক কামাল হোসেন এবং সহকারী পরিচালক মাসুদ রানা। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ৪০টি দেশ এপিজির সদস্য। এর পর্যবেক্ষক হিসেবে রয়েছে তিনটি দেশ এবং ২৩টি আন্তর্জাতিক/আঞ্চলিক সংস্থা। সংস্থাটি প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফএটিএফ) প্রণীত মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড পরিপালন নিশ্চিত করে থাকে।