বিনিয়োগ বোর্ডে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল-জুন তিন মাসে ৩৬৯টি শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ১৩ হাজার ৩৬২ কোটি টাকা। যা এর আগের জানুয়ারি-মার্চ প্রান্তিকের চেয়ে ৫৯১ কোটি ৭৭ লাখ টাকা বা ৪ দশমিক ৪৩ শতাংশ বেশি।আলোচ্য এপ্রিল-জুন প্রান্তিকের সব বিনিয়োগ প্রস্তাব অনুযায়ী ৫৯ হাজার ২২৬ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিনিয়োগ বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্পূর্ণ স্থানীয় বিনিয়োগের প্রস্তাব নিবন্ধন করেছে ৩০৯টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন করেছে ১১ হাজার ৫৪০ কোটি ২৭ লাখ টাকার, যা আগের তিন মাসের চেয়ে ৪ দশমিক ৫ শতাংশ বেশি। একই সময়ে শতভাগ বিদেশি মালিকানার ২২টি ও দেশি-বিদেশি যৌথ উদ্যোগের ৩৮টি প্রতিষ্ঠান মোট এক হাজার ৮২১ কোটি ৬৭ লাখ টাকার বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন করেছে। এ দুটি ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ। আগের প্রান্তিক জানুয়ারি-মার্চে ৪০৩টি শিল্প ইউনিট বিনিয়োগ বোর্ডে ১২ হাজার ৭৭০ কোটি ১৮ লাখ টাকার বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন করে।খাতওয়ারি পর্যালোচনায় দেখা যায়, সর্বোচ্চ ৩৬ দশমিক ৩৪ শতাংশ বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে শিল্প খাতে। অন্য খাতগুলোর মধ্যে রসায়ন শিল্পে ১৭ দশমিক ৬৯ শতাংশ, কৃষিভিত্তিক শিল্পে ১২ দশমিক ২৬ শতাংশ, সেবা শিল্পে ১০ দশমিক ৬৭ শতাংশ বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে। অন্যান্য খাতে নিবন্ধিত হয়েছে ৩০ দশমিক ৮ শতাংশ বিনিয়োগ প্রস্তাব।বিনিয়োগ বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত চার বছরে দেশে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) পরিমাণ ছিল ৪০৪ কোটি ২৪ লাখ ডলার। এর মধ্যে ২০০৯ সালে ৭০ কোটি ডলার, ২০১০ সালে ৯১ কোটি ৩৩ লাখ ডলার, ২০১১ সালে ১১৩ কোটি ৬৪ লাখ ডলার, ২০১২ সালে ১২৯ কোটি ২৬ লাখ ডলারের বিনিয়োগএসেছে। চার বছরে গড় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমান দাঁড়িয়েছে ১০১ কোটি ডলার।