এপ্রিল থেকে হাজারীবাগে কাঁচা চামড়া যাবে না
রাজধানীর হাজারীবাগে ট্যানারিতে ১ এপ্রিল থেকে কাঁচা চামড়া প্রবেশ করতে দেওয়া হবে না। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর দূষণরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসংক্রান্ত গতকাল রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বাসসের।
হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীতে সরাতেই এই আলটিমেটাম। তবে এতে কাজ হবে কি না, তা নিয়ে প্রশ্ন আছে। কারণ, শিল্প নগরীতে ২০৫টি প্লটে ১৫৪টি ট্যানারি যাওয়ার কথা। তবে অধিকাংশ প্লটেই কারখানা ভবন নির্মাণের কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। কাঁচা চামড়া প্রক্রিয়াজাতের যন্ত্র ‘ওয়েট ব্লু ড্রাম’ বসানো হয়নি। এখন পর্যন্ত একটিমাত্র কারখানা বিদ্যুতের সংযোগ নিয়েছে। বাকি ৮৫ ট্যানারি বিদ্যুতের সংযোগের জন্য ডিমান্ড নোট পেলেও টাকা জমা দেয়নি।
হাজারীবাগ থেকে ট্যানারি সরাতে গত ১০ জানুয়ারি ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এতে কাজ না হওয়ায় বেশ কিছু ট্যানারির বিরুদ্ধে আইনি নোটিশ দেয় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
এদিকে, গতকালের সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ বলেন, ‘এপ্রিল থেকে কাঁচা চামড়া প্রবেশ করতে না দিলে আমরা চামড়া কিনব না। এতে করে দেশের চামড়াশিল্পই ক্ষতিগ্রস্ত হবে।’ তিনি বলেন, ‘সাভারের চামড়াশিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) পুরোপুরি চালু হয়নি। সিইটিপিতে ট্যানারির বর্জ্য যাওয়ার জন্য পাইপলাইনের কাজ শেষ হয়নি। ডাম্পিংয়ের ব্যবস্থা হয়নি। তাহলে বলুন কীভাবে সম্ভব।’ তাহলে কবে ট্যানারি স্থানান্তর সম্ভব—জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী জুনের মধ্যে ৩০-৪০টি ট্যানারি স্থানান্তর সম্ভব।’
তবে ভিন্নমত দিলেন চামড়া শিল্প নগরীর প্রকল্প পরিচালক আবদুল কাইয়ূম। গত রাতে তিনি বলেন, ‘হেমায়েতপুরে সব প্রস্তুত। গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন চলে গেছে। কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। যাঁরা কাজ শুরু করেছেন তাঁদের ক্ষতিপূরণের অর্থ দেওয়া হচ্ছে। তারপরও ট্যানারির মালিকেরা হাজারীবাগ না ছাড়লে আমাদের কী করার আছে।’
আবদুল কাইয়ূম বলেন, ‘২৯ ট্যানারি মালিককে ক্ষতিপূরণের ৪০ শতাংশ অর্থ পরিশোধ করে দিয়েছি। আশা করছি, তাঁরা ৩১ মার্চের মধ্যে কারখানা চালু করতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘ট্যানারি মালিকদের বহুদিন ধরেই আমরা বলেছি, দ্রুত হেমায়েতপুরে না গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা এখন পর্যন্ত মাত্র ১০-২০ শতাংশ কাজ করেছেন তাঁদের প্লট বাতিলের সুপারিশ করব।’
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান আবু তাহের বললেন অন্য কথা। তিনি বলেন, অর্থের অভাবেই ট্যানারির মালিকেরা বিলম্ব করছেন। নিয়ম শিথিল করে দ্রুত ক্ষতিপূরণের অর্থ ছাড় করলে মালিকেরা কারখানা ভবন নির্মাণকাজ অনেক তাড়াতাড়ি করতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।
১ এপ্রিল থেকে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে বাধা দিলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন কি না জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এক ট্যানারি মালিক বলেন, বর্তমানে কাঁচা চামড়ার আমদানি একেবারেই কম। তা ছাড়া হেমায়েতপুরে কয়েকজন শুরু করলে বাকিরাও আস্তে আস্তে চলে যাবেন।
গতকালের আন্তমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়।
সভায় জানানো হয়, নদীদূষণের অন্যতম কারণ শিল্পবর্জ্য, যা শতকরা ৬০ ভাগ। এর মধ্যে ট্যানারির বর্জ্য ৪০ ভাগ। হাজারীবাগের ট্যানারির বর্জ্য যাতে নদীদূষণ করতে না পারে সে জন্য ট্যানারি মালিকদের তাঁদের নির্ধারিত জায়গায় চলে যেতে হবে। নৌপরিবহন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বলে জানায় বাসস।