এপ্রিলে উৎপাদন কমেছে ৮২%

  • পোশাকের উৎপাদন কমেছে ৮৩%

  • রড-সিমেন্টের উৎপাদনে ধস

  • ওষুধ, চা-সিগারেটের উৎপাদন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার জন্য গত এপ্রিল মাসে প্রায় সব পোশাক কারখানা বন্ধ ছিল। অন্য কলকারখানার চাকাও ঘোরেনি। দেশের উৎপাদন খাত থমকে দাঁড়ায়। উৎপাদন খাতের মধ্যে পোশাকে সবচেয়ে বড় ধস নামে।

সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে পোশাক উৎপাদন কমেছে প্রায় ৮২ শতাংশ। মার্চে ১৮ হাজার ৫৩ কোটি টাকার পোশাক তৈরি হলেও এপ্রিলে তা নেমে আসে মাত্র ৩ হাজার ১৮২ কোটি টাকায়। নিট ও ওভেন দুই ধরনের পোশাকেই ৮২-৮৩ শতাংশ উৎপাদন কমেছে। বাংলাদেশে যত পণ্য রপ্তানি হয়, এর মধ্যে ৮০ শতাংশের বেশি তৈরি পোশাক রপ্তানি।

এটিই দেশের প্রধান উৎপাদন খাত। দেশের মোট উৎপাদনের ৩৫ শতাংশের সমান জোগান দেয় পোশাক খাত। একইভাবে গত বছরের এপ্রিলের তুলনায় এ বছরের এপ্রিলে ৮৪ থেকে ৮৫ শতাংশ উৎপাদন কমেছে। গত এপ্রিল মাসের শিল্প উৎপাদন সূচক প্রকাশ করেছে বিবিএস। দেশের অভ্যন্তরে কী পরিমাণ শিল্প উৎপাদন হয়, তা এ সূচক দিয়ে প্রকাশ করা হয়। এখানে রপ্তানির পাশাপাশি অভ্যন্তরীণ বাজারের শিল্প পণ্যের তথ্যও থাকে। এপ্রিলের পর উৎপাদন পরিস্থিতি নিয়ে আর কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করেনি বিবিএস।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরে ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। করোনার ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকতে বলা হয়। ফলে জনজীবনের পাশাপাশি উৎপাদনব্যবস্থাও স্থবির হয়ে যায়। এপ্রিল মাসেই শিল্প উৎপাদন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মে ও জুন মাসে এসে ধীরে ধীরে সীমিত পরিসরে কলকারখানা খুলতে শুরু করে।

১৭টি খাত দিয়ে উৎপাদন খাতের চিত্র তুলে ধরেছে বিবিএস। চাহিদা না থাকায় মার্চের তুলনায় এপ্রিলে পোশাক, রড, সিমেন্ট, সারসহ ১০টি খাতের উৎপাদন ব্যাপক কমেছে। সাত খাতের উৎপাদন বেড়েছে। সার্বিকভাবে গত এপ্রিলে আগের বছরের এপ্রিলের চেয়ে ৪৩ শতাংশ উৎপাদন কমেছে।

জানতে চাইলে নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, গত এপ্রিল মাসেই পোশাক খাতে সবচেয়ে বড় ধস নামে, যা অস্বাভাবিক পর্যায়ে ছিল। এপ্রিল মাসের পরে কারখানা খুললেও অন্য বছরের মতো উৎপাদন হয়নি। আগামী অক্টোবর মাস পর্যন্ত একই অবস্থা চলবে বলে মনে করেন তিনি।

মোহাম্মদ হাতেম আরও বলেন, এখন যে তৈরি পোশাকের ক্রয়াদেশ আসছে, সেখানে ক্রেতারা ১০-১৫ শতাংশ কম মূল্য অফার করছে। ফলে অনেকেই সেই ক্রয়াদেশ নিতে পারছেন না। যাঁরা নিচ্ছেন, তাঁরা লোকসান গুনে টিকে থাকার জন্য কম দামে ক্রয়াদেশ নিচ্ছেন। তাই ব্যবসায়ীদের লোকসান পোষাতে বর্ধিত বিদ্যুৎ ও গ্যাসের দাম প্রত্যাহার করার সুপারিশ করেন মোহাম্মদ হাতেম।

রড-সিমেন্টের উৎপাদনে ধস

পোশাক খাতের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এম এস রড খাতের ব্যবসায়ীরা। মার্চে যেখানে ৩৩ হাজার ৬১৬ টন রড উৎপাদন করেছিলেন তাঁরা, এপ্রিল মাসে এসে তা কমে দাঁড়ায় ১৪ হাজার টনে। এক মাসের ব্যবধানে রড উৎপাদন অর্ধেকে নেমেছে।

অন্যদিকে ওই এক মাসের ব্যবধানে সিমেন্টের উৎপাদন কমেছে ৭১ লাখ টন। এপ্রিলে ১ লাখ ১৭ হাজার ৬২৮ টন সিমেন্ট উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ শতাংশ কম।

মৌসুমনির্ভর পণ্য সার উৎপাদনও কমেছে। অথচ মার্চের তুলনায় এপ্রিলে সারের চাহিদা বেশি থাকে। বিবিএস বলছে, মার্চের তুলনায় এপ্রিল মাসে প্রায় ১৮ হাজার টন কম উৎপাদন হয়েছে। এপ্রিল মাসে সার উৎপাদন হয়েছে ৪১ হাজার টন। সেই হিসাবে গত বছরের এপ্রিলের চেয়ে সারের উৎপাদন কমেছে ৫০ শতাংশের বেশি। এ ছাড়া পাটপণ্য, পেট্রোলিয়াম পণ্য, লবণ, সাবানের উৎপাদনও কমেছে।

ওষুধ, চা-সিগারেটের উৎপাদন বেড়েছে


করোনাকালের শুরুতেই ওষুধ, চা-সিগারেটের উৎপাদন বেড়েছে। স্বাস্থ্য খাতে জরুরি অবস্থার কারণেই মূলত বাজারে ওষুধের চাহিদা বেড়েছে। এপ্রিল মাসে ২ হাজার ১২৫ কোটি টাকার ওষুধ উৎপাদন হয়েছে, যা আগের বছরের চেয়ে ৪০ কোটি টাকা বেশি। তবে ২০১৯ সালের এপ্রিলের চেয়ে গত এপ্রিল মাসে প্রায় ৩৩ শতাংশের বেশি ওষুধ উৎপাদন করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বিবিএস বলছে, মার্চ মাসের তুলনায় এপ্রিলে ২ কোটি শলাকা (পিস) বেশি সিগারেট উৎপাদন হয়েছে। আর মার্চের চেয়ে চায়ের উৎপাদন বেড়েছে সাড়ে চার শ টন। স্বাভাবিক সময়ে এপ্রিল মাসে চায়ের উৎপাদন অনেক বেশি হয়। তবে এবার এপ্রিলে আগের বছরের একই সময়ের চেয়ে এক-তৃতীয়াংশ কমেছে। এদিকে বস্ত্র খাতেও গত এপ্রিলে উৎপাদন বেড়েছে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষক তৌফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, সাধারণ ছুটির কারণে খাবার ও ওষুধ ছাড়া প্রায় সব কলকারখানায় উৎপাদন বন্ধ ছিল। এপ্রিল মাসেই উৎপাদন খাত সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। তিনি মনে করেন, উৎপাদন খাত আগের জায়গায় ফিরে যাবে কি না, তা নির্ভর করবে রপ্তানি ও অভ্যন্তরীণ বাজারের চাহিদার ওপর। করোনার কারণে মানুষের আয় কমে গেলে এবং অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমে গেলে স্বাভাবিকভাবে উৎপাদনও কমবে।