মার্চ মাসে কিছুটা বৃদ্ধির পর এপ্রিল মাসে আবারও সাধারণ মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে।
মাসওয়ারি ভিত্তিতে এপ্রিল মাসে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ। আর মার্চ মাসে এই হার ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ, যা আগের মাসের তুলনায় দশমিক ৪ শতাংশীয় মাত্রা বেড়েছিল।
আগের মাসের তুলনায় এপ্রিলে খাদ্য ও খাদ্যবহির্ভূত-উভয় পণ্যেই মূল্যস্ফীতি কমেছে। এপ্রিল মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি দশমিক ০১ শতাংশ বেড়ে ৮ দশমিক ৯৫ শতাংশ হয়েছে।
আর খাদ্যবহির্ভূত পণ্যে এই হার হলো ৫ দশমিক ২৬ শতাংশ, যা আগের মাসের চেয়ে দশমিক ২ শতাংশ কম।
গতকাল বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আনুষ্ঠানিকভাবে এপ্রিল মাসের মূল্যস্ফীতির সামগ্রিক পরিস্থিতি প্রকাশ করে।
এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিবিএস মহাপরিচালক গোলাম মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা কামাল বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করায় পণ্যের সরবরাহব্যবস্থা স্বাভাবিক রয়েছে। তাই কয়েক মাস ধরেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। সেই সুবাদে মূল্যস্ফীতির বার্ষিক লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
মূল্যস্ফীতির হ্রাস-বৃদ্ধি পর্যালোচনা করে বিবিএস বলছে, মূলত চাল, ডাল, আটা, শাকসবজি, ফল, মসলা, তেল, দুধ ও তামাকজাতীয় পণ্য মার্চের তুলনায় এপ্রিল মাসে দাম বেড়েছে দশমিক ০২ শতাংশ। আর একই সময়ের তুলনায় এপ্রিলে পরিধেয় বস্ত্রাদি, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থািল, চিকিৎসা সেবা, পরিবহন, শিক্ষা উপকরণসহ অন্যান্য খাদ্যবহির্ভূত পণ্যের দাম বেড়েছে দশমিক ১৭ ভাগ।
তবে গ্রামের চেয়ে শহরে মূল্যস্ফীতির চাপ বেশি। গত এপ্রিল মাসে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৯৬ শতাংশ। গত মার্চ মাসে এই হার ছিল ৭ দশমিক ৯৮ শতাংশ৷ আর গ্রামে এই হার ৭ দশমিক ১৯ শতাংশ।
তবে শহরের মানুষকে খাদ্যপণ্য কিনতে গ্রামের মানুষের চেয়ে খরচ বেশি করতে হচ্ছে। আর শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে প্রায় ১০ শতাংশ বা ৯ দশমিক ৯৯ শতাংশ। এটা শহরের মানুষের জীবনযাপনে ভোগান্তি বাড়িয়েছে৷ তবে গ্রামের চেয়ে শহরের মানুষের আয়ও অবশ্য তুলনামূলক বেশি৷
মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গে মাসওয়ারি ভিত্তিতে মজুরি বৃদ্ধির হার প্রকাশ করেছে বিবিএস। তাতে দেখা গেছে, ২০১৪ সালের এপ্রিল মাসে আগের বছরের একই মাসের তুলনায় জাতীয় মজুরি বেড়েছে নয় দশমিক ৮৫ শতাংশ, যা মূল্যস্ফীতির চেয়ে বেশি।
এর মানে হলো যে হারে মজুরি বেড়েছে, তার চেয়ে কম হারে মূল্যস্ফীতি হয়েছে। এতে করে শ্রমজীবী মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা বেড়েছে বলে বিবিএসের কর্মকর্তারা দাবি করেন।