এপ্রিলে মূল্যস্ফীতি বেড়েছে যুক্তরাজ্যে

এপ্রিলে যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়েছে। এ সময়ে ইস্টার ছুটি থাকায় বিমানভাড়া ও ফেরির ভাড়া অত্যধিক বেড়ে যাওয়া মূল্যস্ফীতির প্রধান কারণ। গত ১০ মাসের মধ্যে এই প্রথম মূল্যস্ফীতি বাড়ল যুক্তরাজ্যে।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, যুক্তরাজ্যের ন্যাশনাল স্ট্যাটিসটিকস অফিসের (ওএনএস) তথ্য অনুযায়ী এপ্রিলে কনজ্যুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) দশমিক ২ শতাংশ বেড়ে ১ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। মার্চে যা ছিল ১ দশমিক ৬ শতাংশ। ওএনএস বলছে, এ বছর এপ্রিলে ইস্টার ছুটি থাকায় যাতায়াত খরচের ওপর এর প্রভাব পড়ে। ফলে এ সময় বিমান ও ফেরির ভাড়া বেশ বেড়ে যায়।
সংস্থাটি বলছে, এ বছরের এপ্রিলে পেট্রলের দাম গত বছরের একই সময়ের চেয়ে অনেক বেড়ে যায়। এর প্রভাবে যাতায়াত ও জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় খাদ্যদ্রব্যের দামের ওপর প্রভাব পড়ে।
এদিকে এপ্রিলে সিপিআই হার বেড়ে যাওয়া প্রমাণ করে দেশটির বেতন-ভাতার চেয়ে দ্রুত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময়ের আয়ের পরিসংখ্যানে দেখা যায়, এ সময়ে আয় বৃদ্ধির হার ১ দশমিক ৭ শতাংশ। তবে দীর্ঘমেয়াদে বেতন-ভাতা মুদ্রাস্ফীতিকে ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
তবে এপ্রিলে রিটেইল প্রাইস সূচক (আরপিআই) অপরিবর্তিত অবস্থায় অর্থাত্ ২ দশমিক ৫ শতাংশে রয়েছে বলে জানিয়েছে ওএনএস।
এদিকে সিপিআই বাড়লেও তা ব্যাংক অব ইংল্যান্ডের লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে। ব্যাংক অব ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা ছিল ২ শতাংশ। গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর মার্ক কারনি বলেছিলেন, পরবর্তী দুই বছর মুদ্রাস্ফীতির হার লক্ষ্যমাত্রার মধ্যে থাকবে।
অর্থনীতিবিদ স্যামুয়েল টমবস বলেন, ইস্টারের সময় এই হার বেড়ে যাওয়া ছিল একটি ‘ব্লিপ’ অর্থাত্ হঠাত্ রাডারে দেখা দেওয়া আলোর মতো। ২০১৫ সাল নাগাদ এই লক্ষ্যমাত্রা ২ শতাংশের নিচে থাকবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।