এপ্রিলে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপ্রিল মাসে দেশে মূল্যস্ফীতির হার কমেছে। ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) ভিত্তিতে নির্ণীত জাতীয় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশে। আর মার্চে মূল্যস্ফীতির এই হার ছিল ১০ দশমিক ১০ শতাংশ।এর ফলে ১৩ মাস পর মাসওয়ারি মূল্যস্ফীতির হার ১০ শতাংশের নিচে নেমে এল। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়। বিবিএসের মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা এতে মূল বক্তব্য উপস্থাপন করেন।বিবিএসের হালনাগাদ তথ্যানুসারে, এপ্রিল মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—দুই ধরনের মূল্যস্ফীতির হারই কমেছে। এর প্রভাবে জাতীয় মূল্যস্ফীতির হার কমেছে।এপ্রিল মাসে খাদ্যে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ১২ শতাংশ, যেখানে মার্চে এই হার ছিল ৮ দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে, এপ্রিলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার ছিল ১৩ দশমিক ৭৭ শতাংশ, যা মার্চে ছিল ১৩ দশমিক ৯৬ শতাংশ।বিবিএসের মহাপরিচালক বলেন, মূলত চাল ও চাল-জাতীয় দ্রব্য, মসলা ও আরও কিছু খাদ্যসামগ্রীর দাম কমে যাওয়ায় এপ্রিল মাসে খাদ্যে মূল্যস্ফীতির হার কমেছে। মূলত এর প্রভাবেই সার্বিক মূল্যস্ফীতি কমেছে।বিবিএসের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, এপ্রিল শেষে বার্ষিক গড় (মে ’১১-এপ্রিল ’১২) মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৬ শতাংশে। সরকার অবশ্য অর্থবছর শেষে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধার্য করেছে।এক প্রশ্নের জবাবে শাহজাহান আলী মোল্লা বলেন, বর্তমানে ১৯৯৫-৯৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরে সিপিআই নির্ণয় করা হচ্ছে। তবে বিবিএস ভিত্তিবছর হালনাগাদ করে ২০০৫-০৬ অর্থবছরের ভিত্তিতে আগামী মাস থেকে মূল্যস্ফীতির হার প্রকাশ করবে। পাশাপাশি ধারাবাহিকতার সুবিধার্থে পুরোনো ভিত্তিবছরের ওপর নির্ণীত মূল্যস্ফীতির হারও প্রকাশ করবে।বিবিএসের উপাত্ত অনুসারে, এপ্রিল মাসে পল্লি এলাকায় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ২১ শতাংশে, যা মার্চে ছিল ৯ দশমিক ৪০ শতাংশ। অন্যদিকে, শহর এলাকায় এপ্রিলে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৭৭ শতাংশে, যা মার্চে ছিল ১১ দশমিক ৮৯ শতাংশ।