এপ্রিলের মধ্যে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল চালু: নৌমন্ত্রী
এ বছরের এপ্রিল মাসের মধ্যে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি আরও বলেছেন, ইতিমধ্যে বেসরকারি খাতে একাধিক কনটেইনার টার্মিনাল নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। আর পটুয়াখালীতে তৃতীয় সমুদ্রবন্দর নির্মাণ করা হবে। রাজধানীতে ঢাকা চেম্বার (ডিসিসিআই) মিলনায়তনে গতকাল শনিবার শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ আয়োজিত একটি কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন। কর্মশালায় বিভিন্ন ব্যাংক, বিমা, রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান, শিপিং কোম্পানি ও ব্যবসাপ্রতিষ্ঠানের ৪৮ জন কর্মকর্তা অংশ নেন। খবর বাসসের। অনুষ্ঠানে ‘মাল্টি মোডাল ট্রান্সপোর্টেশন ইন এ ডিজিটাল বাংলাদেশ: এন্ডলেস পসিবিলিটিজ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেকনোহেভেন কোম্পানির সভাপতি হাবিবুল্লাহ এন করিম। শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমেদ, ডিসিসিআইয়ের সভাপতি মো. সবুর খান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি আল মারুফ খান, এক্সপেডিটর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এরশাদ আহমেদ, শিপার্স কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম। শাজাহান খান বলেন, ৬২ বছর পর বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দুটি যাত্রীবাহী জাহাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে, যা এ বছরের নভেম্বরে পাওয়া যাবে। তিনি বলেন, যাত্রী ও যানবাহন পারাপার দ্রুত ও দক্ষ ফেরি সার্ভিস নিশ্চিত করার জন্য দীর্ঘ আট বছর পর পাঁচটি ফেরি, পাঁচটি পন্টুন ও দুটি ওয়াটার বাস নির্মাণ করা হয়েছে। এ মাসের মধ্যে নতুন চারটি ওয়াটার বাস সংগ্রহ করা হবে। আরও সাতটি ইউটিলিটি ফেরি ও চারটি ওয়াটার বাস নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।