এপ্রিলের মধ্যেই ২৫ হাজার টন আতপ চাল আমদানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ হাজার টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এপ্রিলের মধ্যেই এ পরিমাণ চাল দেশে এসে পৌঁছাবে। গতকাল রোববার মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক এ তথ্য জানান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আতপ চাল আমদানি-সংক্রান্ত গতকালের একমাত্র দরপত্র প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক সাংবাদিকদের জানান, বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্য চাল পাওয়া না যাওয়ায় আতপ চালই আনা হচ্ছে। কারণ, চট্টগ্রামের লোকজনের মধ্যে আতপ চালেরও বিপুল চাহিদা রয়েছে। বৈঠক সূত্র জানায়, মিয়ানমার অথবা পাকিস্তান থেকে এ চাল আমদানি করা হবে। তবে যে দেশ থেকে আমদানি করলে খরচ কম হবে, সেই দেশের ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। খাদ্যমন্ত্রী জানান, প্রতি টন আতপ চাল আমদানিতে খরচ পড়বে ৩৯৫ ডলার। ২৫ হাজার টন আমদানিতে ৬৮ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় হবে। সিঙ্গাপুরভিত্তিক ইন্দো সাইনো ট্রেড প্রাইভেট লিমিটেড নামক কোম্পানিকে চাল আমদানির জন্য মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী।