এফএসএসের ইস্যু ব্যবস্থাপনা কার্যক্রম এক বছর স্থগিত
মার্চেন্ট ব্যাংক ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেসের (এফএসএস) ইস্যু ব্যবস্থাপনার কার্যক্রম এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই স্থগিতাদেশ ও জরিমানা আরোপ করেছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির সভাশেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিএসইসির তথ্য অনুযায়ী, সম্প্রতি ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং নামের একটি কোম্পানির আইপিও প্রস্তাব কমিশনের কাছে জমা দেওয়া হয়। যেটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে ছিল ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেস। ওই আইপিও প্রস্তাবে কোম্পানিটির ভূমি অধিগ্রহণসংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়া হয়। পরবর্তী সময়ে কমিশনের কাছে তা ধরা পড়ে। ইস্যু ব্যবস্থাপক কোনো যাচাই-বাছাই ছাড়া ওই মিথ্যা তথ্য কমিশনে দাখিল করে। এ কারণে কমিশন ড্রাগন সুয়েটার ও ইস্যু ব্যবস্থাপক ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেসকে পাঁচ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে। সেই সঙ্গে ইস্যু ব্যবস্থাপক হিসেবে ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেস কার্যক্রম এক বছরের জন্য স্থগিত করেছে।
নিয়ম অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্তির উদ্দেশ্যে যখন কোনো কোম্পানি আইপিওর আবেদন করে তখন ওই আবেদনের সঙ্গে যেসব তথ্য সরবরাহ করা হয় সেগুলো প্রাথমিক সত্যতা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট ইস্যু ব্যবস্থাপকের।
ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেস বিএসইসির নিবন্ধনপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। বিএসইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ইস্যু ব্যবস্থাপনা ও অবলেখনকারী কার্যক্রম পরিচালনার জন্য সনদপ্রাপ্ত।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি বিবরণীপত্রে (প্রসপেক্টাসে) মিথ্যা তথ্য দিয়ে আইপিও অনুমোদন পেয়েছে ফার কেমিক্যাল। এরই মধ্যে সেটির লেনদেনও শুরু হয়েছে শেয়ারবাজারে। ওই কোম্পানিরও ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করেছে ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেস।