এফটিএ করার প্রস্তাব তুরস্কের
মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) চুক্তি করার প্রস্তাব দিয়েছে তুরস্ক। তবে বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে গতকাল রোববার থেকে শুরু হওয়া যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। আজ বৈঠক শেষ হবে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ বৈঠক হচ্ছে। সূত্র জানায়, তুরস্কের পক্ষ থেকেই প্রথম এফটিএ করার প্রস্তাব করা হয়। কিন্তু দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য। সে কারণে তাদের প্রস্তুতি থাকলেও তা কার্যকর করার ক্ষেত্রে কিছু জটিলতাও রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, তুরস্কের সঙ্গে এফটিএ করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হবে। বৈঠকে তুরস্ক সরকার বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। তুরস্কের এক্সিম ব্যাংকের মাধ্যমে এই অর্থ আসবে। এ জন্য বাংলাদেশ অংশের একটি ব্যাংক বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া বিনিয়োগ, বাণিজ্য সহজীকরণ, খাদ্যনিরাপত্তা, পর্যটন, কৃষি, পানি ব্যবস্থাপনা, জ্বালানি খাতসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষে প্রতিনিধিরা আলোচনা করেন। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তুরস্কের পক্ষে নেতা হলেন শ্রম ও সামাজিক নিরাপত্তাবিষয়কমন্ত্রী ফারুক সেলিক। গতকাল কারিগরি অধিবেশনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরাস্তু খান ও তুরস্কের উপমহাপরিচালক (চুক্তি) এমিন সেন্ডাল।