গুলশানের ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ডিসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। গত মঙ্গলবার এ মার্কেটটি আগুনে পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।
এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. শফিউল ইসলামের নেতৃত্বে এফবিসিসিআইয়ের কয়েকজন পরিচালক গতকাল বুধবার রাতে ডিএনসিসি মার্কেট এলাকায় গিয়ে দোকানমালিকদের সমবেদনা জানান। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা চেম্বার এক বিজ্ঞপ্তি পাঠিয়ে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে ডিসিসিআই বলেছে, এ ধরনের ঘটনা একই সঙ্গে দুঃখজনক ও উদ্বেগজনক। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে এ ধরনের মারাত্মক অগ্নিকাণ্ডের মূল কারণ অনুসন্ধান ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়েছে।