এফবিসিসিআই নির্বাচন ১৪ মে তারিখেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের নির্বাচন আগামী ১৪ মে হতে আইনগত কোনো বাধা নেই। এই নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া রুল খারিজ (ডিসচার্জ) করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতির করা আবেদন নিষ্পত্তি করে গতকাল বৃহস্পতিবার আদেশ দেন। একই সঙ্গে মনোনীত পরিচালক হিসেবে ময়মনসিংহ চেম্বার অব কমার্সকে আগামী ৩০ মের মধ্যে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
ময়মনসিংহ চেম্বার অব কমার্সকে ৩০ মের মধ্যে মনোনীত পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং নির্বাচন চলবে—এমন সমঝোতার কথা আদালতকে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীপক্ষ রুল খারিজের আরজি জানায়। শুনানি নিয়ে আদালত আদেশ দেন।
এদিকে এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি ও এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, নির্বাচন নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে আর কোনো বাধা নেই।
শুনানিতে আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এফবিসিসিআইয়ের পক্ষে ছিলেন আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ এবং এম বদরুদ্দোজা বাদল।
এফবিসিসিআইয়ের আইন উপদেষ্টা ইমতিয়াজ মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রুল খারিজ করেছেন। নির্বাচনের ওপর দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। ফলে তফসিল অনুসারে নির্বাচন হতে আইনগত কোনো বাধা নেই।
ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীমের করা এক আবেদনের শুনানি নিয়ে ২২ মার্চ হাইকোর্ট ওই নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেন। এ আদেশ স্থগিত চেয়ে পরদিন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। সেদিন আদালত বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় গতকাল বিষয়টি শুনানির জন্য ওঠে। আইনজীবী সূত্র বলেছে, বিধান অনুসারে প্রতি বিভাগ থেকে একজন পরিচালক মনোনীত করার ও তা গ্রহণ করে বাণিজ্য মন্ত্রণালয়ের গেজেট প্রকাশ করবে। তবে ময়মনসিংহ বিভাগ হওয়ার পর ২০১৬ সালে পরিচালক মনোনয়ন ও গেজেট প্রকাশ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দরখাস্ত করে ময়মনসিংহ চেম্বার অব কমার্স। প্রতিকার না পেয়ে ময়মনসিংহ চেম্বারের সভাপতি রিট আবেদন করেন। প্রাথমিক শুনানির পর হাইকোর্ট ৬ ফেব্রুয়ারি রুলসহ আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেন। এরপরও নিষ্পত্তি না হওয়ায় সভাপতি নির্বাচন স্থগিত চেয়ে আবেদনটি করেন।
এদিকে এফবিসিসিআইয়ের নির্বাচনে সাবেক প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোয় সংগঠনটির শীর্ষ পদে আসীন হতে শফিউল ইসলামের সামনে কোনো বাধা নেই। তাঁর বিরুদ্ধে আর কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন না। শফিউল ইসলামের নেতৃত্বে থাকা সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ নিয়মিত ব্যবসায়ীদের মধ্যে প্রচার চালাচ্ছে।
এ বিষয়ে শফিউল ইসলাম বলেন, ‘আমাদের কর্মসূচি প্রতিদিনই থাকছে। আমাদের প্যানেল নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।’