এফবিসিসিআই নির্বাচনে ভোট চলছে

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৫-১৭ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
আজ শনিবার সকাল নয়টায় রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠানে গঠিত বোর্ডে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সাংসদ আলী আশরাফ।
নির্বাচন বোর্ড সূত্র জানিয়েছে, এফবিসিসিআইয়ের পরিচালকের সংখ্যা ৫২। এর মধ্যে ২০ জন ইতিমধ্যে মনোনীত হয়েছেন।
নির্বাচনে পরিচালক পদে তিনটি প্যানেল লড়ছে। ৩২ পরিচালক পদের বিপরীতে লড়ছেন ৬৩ প্রার্থী। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে ৩০ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৩ প্রার্থী লড়ছেন।
সভাপতি পদে প্রার্থী দিয়েছে দুটি প্যানেল। উন্নয়ন পরিষদ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন নিটল-টাটা গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। স্বাধীনতা পরিষদ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআইর বর্তমান প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী।