এফবিসিসিআই নির্বাচনে মাতলুব প্যানেল জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৫-১৭ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ।
৩২টি পরিচালক পদের জন্য লড়ে উন্নয়ন পরিষদ থেকে ২৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। চেম্বার গ্রুপ থেকে ১২ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৩ জন নির্বাচিত হয়েছেন এই প্যানেলের। স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের দলনেতা মনোয়ার হাকিমসহ চারজন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে তিনজন পরিচালক নির্বাচিত হয়েছেন।
শনিবার রাত ১২টার দিকে চেম্বার গ্রুপের নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন বোর্ড। অ্যাসোসিয়েশন গ্রুপের ফল ঘোষণা করা হয় গতকাল রোববার সকালে।
এবার এফবিসিসিআইয়ের পর্ষদে পরিচালকের সংখ্যা ৫২। এর মধ্যে অ্যাসোসিয়েশন আর চেম্বার গ্রুপ থেকে নির্বাচিত হবেন ১৬ জন করে ৩২ জন। এই ৩২ জন পরিচালক নির্বাচনের জন্যই রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গত শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এর বাইরে আরও ২০ জন পরিচালক আসবেন সরকার মনোনীত অ্যাসোসিয়েশন-চেম্বার থেকে। তাঁদের ইতিমধ্যে মনোনীত করা হয়েছে। এই ৫২ পরিচালকের মধ্য থেকে ভোটের মাধ্যমে আজ সোমবার নির্বাচিত হবেন এফবিসিসিআইয়ের নতুন সভাপতি এবং দুই সহসভাপতি। এবার সভাপতি ও সহসভাপতি চেম্বার এবং প্রথম সহসভাপতি অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত হবেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, চেম্বার গ্রুপ থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন আমিনুল হক শামীম। তিনি উন্নয়ন পরিষদের। এই পরিষদ থেকে নির্বাচিত অন্য পরিচালকেরা হলেন দিলীপ কুমার আগারওয়াল, গাজী গোলাম আশরিয়া, শেখ ফজলে ফাহিম, নিজাম উদ্দিন, প্রবীর কুমার সাহা, নুরুল হুদা, হাসিনা নেওয়াজ, নাগিবুল ইসলাম, বজলুর রহমান, আনোয়ার সাদাত সরকার, রেজাউল করিম।
চেম্বার গ্রুপে এফবিসিসিআইয়ের বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বাধীন প্যানেল স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ থেকে আরও যাঁরা নির্বাচিত হয়েছেন মাসুদ পারভেজ খান ইমরান ও তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান। চেম্বার গ্রুপে ১৬ নম্বর পরিচালক পদে এই প্যানেলের কোহিনুর ইসলাম ও মো. মাসুদ সমান ভোট পেয়েছেন। তাঁদের মধ্যে কে নির্বাচিত হলেন তা পরে জানাবে নির্বাচন বোর্ড। এই প্যানেল অ্যাসোসিয়েশন গ্রুপে কোনো প্রার্থী দেয়নি।
উন্নয়ন পরিষদ থেকে অ্যাসোসিয়েশন গ্রুপে নির্বাচিত ব্যক্তিরা হলেন হেলাল উদ্দিন, নিজাম উদ্দিন, হারুন অর রশিদ, শামীম আহসান, আবু মোতালেব, হাবিবুল্লাহ ডন, কে এম আখতারুজ্জামান, এম শোয়েব চৌধুরী, মুনতাকিন আশরাফ, এস এম জাহাঙ্গীর হোসেন, আবু নাসের, আমিন হেলালী ও শফিকুল ইসলাম ভরসা।
অ্যাসোসিয়েশন গ্রুপে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল ব্যবসায়ী ঐক্য পরিষদের অন্যতম নেতা শাফকাত হায়দার চৌধুরী ছাড়াও আবুল আয়েস খান ও খন্দকার রুহুল আমিন পরিচালক নির্বাচিত হয়েছেন।