এফবিসিসিআই নির্বাচনে শফিউলের প্রচার শুরু
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে বর্তমান প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ। গতকাল বুধবার পুরান ঢাকা ঘুরে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে দেখা করেন শফিউল ইসলাম। এ সময় তাঁর প্যানেলের প্রার্থীরা ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এফবিসিসিআইয়ের নির্বাচন আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হওয়ার জন্য আগ্রহীদের আগামী ১০ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।
দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের ব্যবসায়ী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন ইতিমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে অনেক বৈঠক করেছেন। তবে গতকালই তিনি প্রথম আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন। প্রথম দিনে তিনি পুরান ঢাকার নওয়াবপুর, আলুবাজারসহ বিভিন্ন এলাকায় গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন। আজ বৃহস্পতিবার তিনি পুরান ঢাকার মৌলভীবাজার এলাকায় প্রচার চালাবেন। আগামী শুক্রবার লালবাগের একটি কমিউনিটি সেন্টারে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করবেন তিনি। শফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছি।’