এফবিসিসিআই নির্বাচনে ৩২ পরিচালক পদে ৮৬ জনের মনোনয়নপত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৫-১৭ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পরিষদের নির্বাচনে পরিচালক পদে ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ প্রার্থীরা ৩২ পরিচালক পদের জন্য লড়বেন।
এফবিসিসিআইয়ের নির্বাচন পরিচালনার জন্য গঠিত বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, গতকাল রোববার ছিল পরিচালক পদে মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার শেষ দিন।
নির্বাচন বোর্ড সূত্র বলছে, এবারের নির্বাচনে চেম্বার গ্রুপ থেকে ৪৪ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এফবিসিসিআই সূত্র বলছে, দুটি প্যানেল থেকে এবার পরিচালক পদের জন্য মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়া হয়। একটি প্যানেলের নেতৃত্বে আছেন নিটল-টাটা গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ এবং অপর প্যানেলের নেতৃত্বে আছেন এফবিসিসিআইয়ের বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ারা হাকিম আলী।
নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের খসড়া তালিকা ২৯ এপ্রিল প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১১ মে।
পরিচালকদের ৩২টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ২০ জন পরিচালক আসবেন সরকার মনোনীত ব্যবসায়ী চেম্বার ও সংগঠন থেকে।
এফবিসিসিআইয়ের নির্বাচন ২৩ মে অনুষ্ঠিত হবে।