এফবিসিসিআই বকেয়া রাজস্ব আদায়ে সহায়তা দেবে
বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন করসহ (মূসক) বকেয়া রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সহায়তা দেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল বুধবার এ বিষয়ে এনবিআরের সম্মেলনকক্ষে উভয় পক্ষের সভা অনুষ্ঠিত হয়। সভায় এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বকেয়া আদায়ে সহযোগিতা করার আশ্বাস দেন।
সভায় সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নজিবুর রহমান বলেন, এফবিসিসিআই হলো এনবিআরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। একটি করদাতাবান্ধব, রাজস্ববান্ধব সংস্কৃতি চালু করার ক্ষেত্রে এফবিসিসিআই জাতীয় রাজস্ব বোর্ডকে সব সময় সহযোগিতা করে আসছে।
আবদুল মাতলুব আহমাদ বলেন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করাসহ দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে কার্যকর ভূমিকা রাখছে এফবিসিসিআই।