এফবিসিসিআই রমজানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে অনুরোধ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে যত্নবান ও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
একই সঙ্গে সংগঠনটি দেশের বিভিন্ন বিপণিবিতান ও দোকানে ব্যবসায়ীদের প্রথম ১০ রোজায় রাত আটটা পর্যন্ত দোকান-মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত মেনে চলার অনুরোধ জানিয়েছে। গত রোববার এফবিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায়।
এতে উল্ল্লেখ করা হয়, পবিত্র রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির নামাজের কারণে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা থাকায় এ মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা দুরূহ হয়ে পড়ে। এ জন্য এই অতিরিক্ত চাহিদার কথা বিবেচনায় নিয়ে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া দরকার।
এ ছাড়া এফবিসিসিআই ইফতার থেকে তারাবি নামাজ পর্যন্ত বাসাবাড়ি, বেসরকারি অফিস ও মার্কেট, শপিং মল ও দোকানগুলোয় এয়ারকন্ডিশন ও এয়ারকুলার সীমিত ব্যবহার করতে এবং বিপণিবিতানগুলোতে আলোকসজ্জা না করার অনুরোধও করেছে।