নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সফিউল ইসলাম
এফবিসিসিআই সত্যিকারের শীর্ষ ব্যবসায়ী সংগঠন হবে
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনকে (এফবিসিসিআই) সত্যিকার অর্থেই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনে পরিণত করতে চান এর নতুন সভাপতি মো. সফিউল ইসলাম। সংগঠনটির দায়িত্ব নিয়ে তিনি জানান, ব্যবসায়ী সংগঠনে সংস্কার ও ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করবেন।
সফিউল ইসলামের নেতৃত্বে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত পর্ষদ গতকাল রোববার দায়িত্ব নিয়েছে। এ উপলক্ষে রাজধানীর মতিঝিলে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন সভাপতি বলেন, প্রবীণ নেতাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ব্যবসায়ের সুন্দর পরিবেশ তৈরি করা হবে। যাতে ব্যবসায়ীদের আর হয়রানির শিকার না হতে হয়।
এফবিসিসিআইয়ের ৬০ সদস্যের পরিচালনা পর্ষদের নির্বাচন ১৪ মে অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে হয়েছে সভাপতি ও দুই সহসভাপতি পদে ভোট। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন সফিউল ইসলাম। তিনি আবদুল মাতলুব আহমাদের স্থলাভিষিক্ত হলেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মাতলুব আহমাদ ও নতুন সভাপতি সফিউল ইসলাম পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব হস্তান্তরপত্রে সই করেন। এর আগে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান সাংসদ আলী আশরাফ আনুষ্ঠানিকভাবে নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিম ও সহসভাপতি মুনতাকিম আশরাফসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী ও আতিকুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে পরিচালনা পর্ষদের প্রথম জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
সফিউল ইসলাম বলেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হতে এফবিসিসিআই গবেষণামূলক কাজ করবে। এ ছাড়া নতুন উদ্যোক্তা ও নারী উদ্যোক্তা তৈরিতে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে। তিনি বলেন, অনেক বাণিজ্য সংগঠন রয়েছে যাতে নির্বাচন, সাধারণ সভা ও নিরীক্ষা হয় না। এসব সংগঠনের সংস্কারেও উদ্যোগ নেওয়া হবে।
মাতলুব আহমাদ জানান, তাঁর পর্ষদের ৬৭ শতাংশ পরিচালক নতুন কমিটিতে রয়েছেন। তাঁরা নতুন পরিচালকদের সঙ্গে মিলে এফবিসিসিআইকে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি আশা করেন।