এফবিসিসিআই সভাপতি প্রার্থী হতে চান শফিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিউল ইসলাম মহিউ​দ্দিন
শফিউল ইসলাম মহিউ​দ্দিন

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৭-২০১৯ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবেন সংগঠনটির বর্তমান প্রথম সহসভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানিয়েছেন।
আগামী মে মাসে এফবিসিসিআইয়ের নির্বাচন হওয়ার কথা। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম যে এ বছর সভাপতি পদে প্রার্থী হবেন, তা ব্যবসায়ী মহলে প্রায় সবার জানা। তবে তিনি গতকালই প্রথমবারের মতো সাংবাদিকদের সামনে তাঁর প্রার্থিতার কথা জানান। এ মতবিনিময় সভাটি আয়োজন করেন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ। এতে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান, এফবিসিসিআইয়ের পরিচালক শেখ ফজলে ফাহিম উপস্থিত ছিলেন। মাঝামাঝি পর্যায়ে এসে যোগ দেন বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
শুরুতে দেওয়া বক্তব্যে আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, বাংলাদেশে এখন প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান। শক্তিশালী প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব। তিনি বলেন, এফবিসিসিআইতে শফিউল ইসলামের মতো নেতার প্রয়োজন।
শফিউল ইসলাম বলেন, ‘আমি এখন এফবিসিসিআইতে একটি অবস্থানে প্রতিনিধিত্ব করছি, আগামী নির্বাচনে আরেকটি পদে প্রতিনিধিত্ব করার চিন্তা করছি।’ তিনি বলেন, ‘আমি চাই এফবিসিসিআই শুধু নামে যেন শীর্ষ সংগঠন না হয়, বাস্তবেও যাতে এটি শীর্ষ সংগঠন হয়।’
এবারের নির্বাচনে শেখ ফজলে ফাহিম সহসভাপতি পদে প্রার্থী হবেন বলে জানা গেছে। তবে তিনি অনুষ্ঠানে বক্তব্য দেননি। অথবা নিজের প্রার্থিতার বিষয়ে তিনি কিছু বলেননি।
উল্লেখ্য, সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফকে প্রধান করে এফবিসিসিআইয়ের তিন সদস্যের নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে। আপিল বোর্ডের প্রধান হয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিন।