এফবিসিসিআইকে করা হবে বিশ্বমানের সার্ভিস সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচন আগামী শনিবার। এবারের নির্বাচনে একটি প্রতিদ্বন্দ্বিতাকারী পক্ষ কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্যানেল। এটির নেতৃত্ব দিচ্ছেন কাজী আকরাম উদ্দিন আহ্মদ। অপর প্রতিদ্বন্দ্বিতাকারী পক্ষ গণতান্ত্রিক পরিষদকে সমর্থন দিচ্ছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক। নির্বাচন ও এফবিসিসিআইয়ের ভবিষ্যৎ নিয়ে তাঁরা কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত। প্রথম আলো: আপনি এফবিসিসিআইয়ের নির্বাচন করছেন না। কিন্তু আপনার গণতান্ত্রিক পরিষদ থেকে প্যানেল ঘোষিত হয়েছে। এ নির্বাচন থেকে আপনাদের চাওয়া-পাওয়া কী?আনিসুল হক: গণতান্ত্রিক পরিষদ নামে আমি ২০০৭-০৮ সালে নির্বাচন করেছিলাম। আমাদের দুই বছরের দায়িত্ব দেওয়া হয়েছিল। অনেকেই বলেন, ওই দুই বছরে যে কাজ হয়েছে, স্বাধীনতার পর ৪০ বছরেও অত কাজ হয়নি। আমরা মফস্বলের চেম্বারদের ঠিকানা করে দিয়েছি। এক বছরে ৪১টি চেম্বার ভবন করে দিয়েছিলাম। আমরা এক হাজার ৫০০ দুস্থ পরিবারকে স্বনির্ভর করেছিলাম, ৯৫২ জনকে চাকরি দিয়েছিলাম। এফবিসিসিআই ভবনকে পাঁচ তারকা হোটেলের মতো আধুনিক ভবনে রূপান্তর করেছি। আমরা কী প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর কী বাস্তবায়ন করেছি, সে বিষয়ে নির্বাচনের আগে ছয়টি জবাবদিহিমূলক সভা করেছিলাম। প্রথম আলো: গণতান্ত্রিক পরিষদ নির্বাচন করছে। কিন্তু কোনো সভাপতি পদপ্রার্থী নেই কেন?আনিসুল হক: এফবিসিসিআইয়ের গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এফবিসিসিআইয়ের সভাপতি সভা করেন এবং তা পরিচালনা করেন। এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ যদি কার্যকর হয়, তাহলে সভাপতিকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। গত দুই বছরে বর্তমান পরিচালনা পর্ষদ তাদের দেওয়া ৩৬ প্রতিশ্রুতির কয়টি বাস্তবায়ন করেছেন, তা ভোটাররাই মূল্যায়ন করবেন। এফবিসিসিআইয়ের জন্য প্রয়োজন শক্তিশালী ও কার্যকর পরিচালনা পর্ষদের, যাঁরা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার জন্য কিংবা কোনো ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার জন্য সভাপতির মুখের দিকে তাকিয়ে থাকবেন না। আমরা এফবিসিসিআইয়ের নিজস্ব ভবন করার জন্য মতিঝিলের হাটখোলায় ১৬ কাঠা জমি কিনেছিলাম। কিন্তু দুই বছরে সেখানে কোনো কাজই হয়নি। এর দায় এফবিসিসিআইয়ের সভাপতির নয়, পরিচালনা পর্ষদের। গণতান্ত্রিক পরিষদের প্রার্থীরা জয়ী হলে তাঁরা বন্ধুর মতো সভাপতির সঙ্গে কাজ করবেন। আবার প্রয়োজনের সময় কঠোর হবেন।প্রথম আলো: গণতান্ত্রিক পরিষদ নির্বাচিত হলে দেশের ব্যবসা-বাণিজ্য এবং ব্যবসায়ী সংগঠনগুলোর উন্নয়নে কী কী উদ্যোগ নেওয়া হবে?আনিসুল হক: গণতান্ত্রিক পরিষদ সব সময় ব্যবসায়ীদের ওপর অন্যায়-নির্যাতনের প্রতিবাদ করেছে। আমরা জেলা চেম্বারগুলোর উন্নয়ন করেছিলাম। এবারও আমাদের কিছু পরিকল্পনা আছে। হাটখোলার জায়গায় আমরা বিশ্বের বড় ব্যবসায়ী সংগঠনগুলোর মতো ইন্টেলিজেন্স ভবন স্থাপন করব। সেখান থেকে শত শত ব্যবসা ও শিল্প খাতভিত্তিক সমিতিগুলোকে উদ্যোক্তা ও ব্যবসা উন্নয়ন সেবা দেওয়া হবে। এফবিসিসিআইকে করা হবে বিশ্বমানের সার্ভিস সেন্টার। কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হবে, যেখানে দক্ষ শ্রমিক ও কারিগর তৈরি হবে। এফবিসিসিআই এবং এর অঙ্গসংগঠনগুলোতে ডিজিটাল সেবা চালু করা হবে।প্রথম আলো: আসন্ন নির্বাচনে কি কোনো ধরনের প্রভাব বিস্তারের আশঙ্কা করছেন?আনিসুল হক: আমি স্পষ্ট করে বলছি, সরকারের কোনো সংস্থা কিংবা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এফবিসিসিআইয়ের নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে না। তবে নিচের দিকে অনেক চেষ্টা হচ্ছে বলে শুনেছি। কয়েকজন প্রার্থীকে বসিয়ে দেওয়ার অভিযোগও শুনেছি। আমরা নির্বাচন করতে চাই, এফবিসিসিআইকে কার্যকর সংগঠনে পরিণত করতে চাই। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে মনোমালিন্য চাই না। সবার কাছে আমার অনুরোধ, আমাদের সরকারি কিংবা বিরোধী দলের সমর্থক বানাবেন না, আমাদের বিষয়ে কান ভারী করবেন না, বলির পাঁঠা বানাবেন না।প্রথম আলো: সরাসরি ভোটে সভাপতি নির্বাচনের অঙ্গীকার করেছেন আপনারা। নির্বাচনের আগেই কেন এ দাবি তুললেন?আনিসুল হক: আমি নির্বাচিত হওয়ার সময় কিন্তু সরাসরি ভোটে সভাপতি নির্বাচনের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার ছিল না। তার পরও আমি চেষ্টা করেছিলাম। তখনকার বাণিজ্য মন্ত্রণালয় গেজেটও তৈরি করেছিল। কিন্তু বিষয়টি চূড়ান্ত করার জন্য আইন মন্ত্রণালয়ে যাওয়ার পরই সরকার পরিবর্তন হয়ে যায়। বিষয়টিও ঝুলে যায়। ৯৯ দশমিক ৯৯ শতাংশ ব্যবসায়ীর ভোটের অধিকারের দাবি তখন আমি ফিরিয়ে দিতে পারিনি। তবে গণতান্ত্রিক পরিষদ এ অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৪ সালের মে মাসের মধ্যে যদি দাবি বাস্তবায়িত না হয়, তবে এই প্যানেলের সব পরিচালক একযোগে পদত্যাগ করবেন। আমরা যেকোনো মূল্যে ভোটারদের প্রাণের এ দাবি ফিরিয়ে দিতে চাই।