এফবিসিসিআইকে গতিশীল করার প্রতিশ্রুতি প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনকে (এফবিসিসিআই) আরও গতিশীল ও কার্যকর করতে নানামুখী উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে অরাজনৈতিক সংগঠন হিসেবে ধারাবাহিকতা বজায় রেখে এফবিসিসিআইয়ে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা হবে। ২০১২-১৪ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনের আগ মুহূর্তে ভোটারদের মন জয় করতে চেম্বার গ্রুপের প্রার্থীরা এ রকমই প্রতিশ্রুতি দিয়েছেন। এফবিসিসিআই ভবনের মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সকালে নির্বাচনে অংশ নেওয়া চেম্বার গ্রুপের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে ভোটারদের সামনে নিজেদের পরিচিতি তুলে ধরে বিভিন্ন প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাংসদ মো. আলী আশরাফ। প্রার্থীরা ছাড়াও এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি, পরিচালকসহ সদস্য ও ভোটাররা পরিচিতি সভায় উপস্থিত ছিলেন। আগামীকাল শনিবার এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এফবিসিসিআই ভবনেই ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের ভোটার সংখ্যা এক হাজার ৯১৭ জন। এর মধ্যে অ্যাসোসিয়েশন গ্রুপের এক হাজার ৬০৮ এবং চেম্বার গ্রুপের ভোটার সংখ্যা ৩০৯ জন। এবারের নির্বাচনে ৩০ পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩ জন প্রার্থী। এর মধ্যে চেম্বারের ৩০ ও অ্যাসোসিয়েশন গ্রুপের ৩৩ জন।নির্বাচন বোর্ডের প্রধান আলী আশরাফ প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের নিয়মনীতি ভঙ্গ করার অভিযোগ পাওয়া গেছে। তাঁদের একাধিকবার সর্তক করে দেওয়া হয়েছে। এর পরও কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন তবে জরিমানাসহ তাঁর প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নিতে নির্বাচন বোর্ড বাধ্য হবে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, ভোটকেন্দ্রে কেউ মুঠোফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এফবিসিসিআই ভবনে শুধু ভোট দেবেন। পোস্টার কিংবা ব্যানার লাগানো যাবে না। তবে ভবনের বাইরে নির্দিষ্ট প্যান্ডেলে প্রার্থীরা প্রচারাভিযান চালাতে পারবেন। এফবিসিসিআই নির্বাচনে এবার ৪৮ জন পরিচালক নির্বাচন করা হবে। এর মধ্যে চেম্বার গ্রুপ ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৫ জন করে ৩০ জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আর মনোনীত পরিচালক হবেন ১৮ (চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে নয়জন করে) জন।২৬ নভেম্বর সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে ২৯ নভেম্বর।