এফবিসিসিআইতে ভোটার ২৩৪১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে ভোটার হয়েছেন ২ হাজার ৩৪১ জন ব্যবসায়ী। বিগত নির্বাচনের চেয়ে ভোটার বেড়েছে ১১১ জন।

সংগঠনটির নির্বাচন আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর আগে ২৩ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল।

দেশের জেলা ও পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠনগুলোর কমিটির সদস্যরা এফবিসিসিআইয়ের ভোটার হতে পারেন। এবার মোট ৩৮০টি পণ্যভিত্তিক ব্যবসায়ী সমিতি অর্থাৎ অ্যাসোসিয়েশন থেকে মোট ভোটার হয়েছেন ১ হাজার ৮৮৭ জন। এর মধ্যে ৩৭৫টি ‘এ’ শ্রেণির অ্যাসোসিয়েশনের ভোটার ১ হাজার ৮৭২ জন। ‘বি’ শ্রেণির অ্যাসোসিয়েশন ৫টি, মোট ভোটার ১৫ জন। উল্লেখ্য, ‘এ’ শ্রেণির সমিতি থেকে ৫ জন ও ‘বি’ শ্রেণির সমিতি থেকে ৩ জন ব্যবসায়ী ভোটার হতে পারেন।

৮১টি এলাকাভিত্তিক ব্যবসায়ী সংগঠন বা চেম্বার থেকে মোট ভোটার হয়েছেন ৪৫৪ জন। এর মধ্যে ৬৫টি ‘এ’ শ্রেণির চেম্বার থেকে ভোটার হয়েছেন ৩৯০ জন। আর ১৬টি ‘বি’ শ্রেণির চেম্বার থেকে ৬৪ জন ভোটার হয়েছেন। উল্লেখ্য, ‘এ’ শ্রেণির চেম্বার থেকে ৫ জন ও ‘বি’ শ্রেণির চেম্বার থেকে ৪ জন করে ব্যবসায়ী ভোটার হতে পারেন।

১৪ মে সংগঠনটির পরিচালক পদে ভোট গ্রহণের পর ১৬ মে সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোট দেবেন পরিচালকেরা। তবে সভাপতি পদে এখনকার প্রথম সহসভাপতি মো. শফিউল ইসলামের কোনো প্রতিদ্বন্দ্বী আপাতত নেই। ফলে মূল আকর্ষণ এখন পরিচালক ও দুই সহসভাপতি পদ নিয়ে।