এফবিসিসিআইয়ের নির্বাচন মে মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক কোনো ঘটনা না ঘটলে আগামী মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচন অনুষ্ঠিত হবে।
আর ৩১ মে নির্বাচিত কমিটির নেতাদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বর্তমান কমিটির নেতারা।
এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন বোর্ড এবং নির্বাচন-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য আপিল বোর্ড গঠন করেছে এফবিসিসিআই। নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে সাংসদ আলী আশরাফকে। তিনি এফবিসিসিআইয়ের গত কয়েকটি নির্বাচনেও এ দায়িত্ব পালন করেন। গত নির্বাচনের মতো এবারও আপিল বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম আমীন উদ্দিনকে।
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল সংগঠনটির পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ।
এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘আমরা আজ (বৃহস্পতিবার) নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করলাম। আগামী মে মাসের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ৩১ মে আমরা দায়িত্ব হস্তান্তর করব।’
দেশে এখন যে অবস্থা চলছে, তাতে কি এই নির্বাচন অনুষ্ঠান সম্ভব?—জানতে চাইলে কাজী আকরাম বলেন, ‘নির্বাচন বোর্ড গঠনের পর আমাদের আর কিছু করার থাকবে না। নির্বাচন বোর্ড যদি মনে করে, পরিস্থিতি ঠিক আছে তাহলে তারা নির্বাচন করবে। আর যদি মনে করে যে পরিস্থিতি নির্বাচন করার অনুকূল নয়, সে ক্ষেত্রে তারা মন্ত্রণালয়কে (বাণিজ্য মন্ত্রণালয়) তা জানাবে অথবা আমাদের বলবে, সেটা আমরা মন্ত্রণালয়কে জানাব।’
এ সময় কাজী আকরাম আরও বলেন, মন্ত্রিপরিষদ ইতিমধ্যে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। সেটা হতে পারলে এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠানও সম্ভব।
এফবিসিসিআইয়ের সভাপতি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তাঁর পাশে দুই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, হেলাল উদ্দিনসহ বেশ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।