এফবিসিসিআইয়ের নির্বাচন ২৩ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৫-১৭ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে।
আর ২৫ মে সংগঠনের সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এফবিসিসিআইয়ের নির্বাচনে গঠিত নির্বাচন বোর্ডের সভায় গতকাল মঙ্গলবার এ তফসিল ঘোষণা করা হয়। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে সভাটি অনুষ্ঠিত হয়।
নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান সাংসদ আলী আশরাফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বোর্ডের অন্য দুই সদস্য শামসুল আলম ও কে এম এন মঞ্জুরুল হক।
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদের সভায় নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়। ওই দিন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ সাংবাদিকদের জানিয়েছিলেন, মে মাসের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ৩১ মের মধ্যে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন তাঁরা।
নির্বাচন বোর্ডের গতকালের সভায় ঘোষিত তফসিল অনুযায়ী, সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধের শেষ তারিখ ২৪ মার্চ। বিভিন্ন চেম্বার ও সমিতির ভোটার মনোনয়নের শেষ তারিখ ২৫ মার্চ। ৩০ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ এপ্রিল। পরিচালক পদে নির্বাচনের জন্য ১৯ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা দাখিল করা যাবে।
এফবিসিসিআইয়ের বর্তমান পর্ষদে পরিচালকের সংখ্যা ৪৮। এর মধ্যে ৩০ জন সরাসরি ভোটে নির্বাচিত (চেম্বার ও সমিতি থেকে ১৫ জন করে)। আর ১৮ জন মনোনীত পরিচালক (চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে নয়জন করে)।
তবে এবার পরিচালকের সংখ্যা বাড়ছে চারজন। অর্থাৎ আগামী পর্ষদে পরিচালক থাকবেন ৫২ জন। কারণ, এবার সরাসরি ভোটে পরিচালক নির্বাচিত হবেন ৩২ জন। আর মনোনীত পরিচালক থাকবেন ২০ জন।
প্রসঙ্গত, দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী চেম্বার ও সমিতি থেকে নির্বাচন ছাড়াই সরাসরি এফবিসিসিআইয়ের পরিচালক হওয়ার সুযোগ দেয় সরকার। তাঁরাই মনোনীত পরিচালক।
এফবিসিসিআই সূত্র বলছে, ২০১২ সালে অনুষ্ঠিত বিগত নির্বাচনের মাস খানেক পর পরিচালনা পর্ষদের সভায় পরিচালকের সংখ্যা চারজন বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে সে অনুযায়ী বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয়।